মহাসড়কে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ

আশুলিয়া প্রতিনিধি

সারাদেশ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাকসহ বিভিন্ন শিল্প-কারখানা ছুটি ঘোষণা করায় মহাসড়কগুলোতে ঘরমুখো মানুষের ভিড় ও যানবাহনের চাপ

2026-05-25T21:49:03+00:00
2026-05-25T21:49:03+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
শিল্প-কারখানায় ছুটি
মহাসড়কে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৯:৪৯ পিএম 
ছবি : সময়ের আলো
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাকসহ বিভিন্ন শিল্প-কারখানা ছুটি ঘোষণা করায় মহাসড়কগুলোতে ঘরমুখো মানুষের ভিড় ও যানবাহনের চাপ ব্যাপক হারে বাড়তে শুরু করেছে। 

সোমবার (২৫ মে) সকাল থেকেই বাইপাইল-আব্দুল্লাহপুর এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কে যাত্রী ও যানবাহনের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা দুপুরের পর থেকে কয়েক গুণ বৃদ্ধি পেয়ে বিভিন্ন পয়েন্টে যানজটের সৃষ্টি করেছে। 

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, আশুলিয়ার ছোট-বড় প্রায় এক হাজার শিল্প-কারখানার মধ্যে অন্তত ৭০ শতাংশ কারখানায় সোমবার ছুটি দেওয়া হয়েছে এবং বাকি কারখানাগুলো আগামীকাল মঙ্গলবারের মধ্যে বন্ধ হবে। 

মহাসড়কগুলোতে সরেজমিনে দেখা যায়, দুপুরের পর থেকে হাজারো কর্মজীবী মানুষ পরিবার-পরিজন এবং ব্যাগপত্র নিয়ে কাউন্টারগুলোতে ভিড় করতে শুরু করায় সড়কগুলোতে যানবাহনের গতি ধীর হয়ে পড়েছে। 

আশুলিয়ার বাইপাইল এলাকার একটি পোশাক কারখানার কর্মী মমতাজ বেগম জানান, রোববার রাতে ডিউটি শেষ হওয়ার পর তাদের কারখানা ছুটি হয়েছে; তবে সকালে রওনা না দিয়ে দুপুরে বের হওয়ায় তিনি তীব্র যানজটের মুখে পড়েছেন। 


এদিকে গাইবান্ধাগামী যাত্রী ও মোবাইল দোকানদার মোতালেব হোসেন বলেন, ‘সরকার নির্ধারিত ভাড়ায় টিকিট কাটলেও নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের কারণে আমাকে বাইপাইল থেকে হেঁটে নবীনগর স্মৃতিসৌধের সামনে গিয়ে গাড়িতে উঠতে হচ্ছে। যে হারে যানজট লেগেছে, তাতে মাত্র ১০ কিলোমিটার পথ পাড়ি দিতেই পুরো রাত পার হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহজাহান এই সার্বিক পরিস্থিতি নিয়ে সময়ের আলোকে বলেন, ‘ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে হাইওয়ে পুলিশ সার্বক্ষণিকভাবে মাঠে সক্রিয় রয়েছে।’

তিনি আরও জানান, আশুলিয়ার বেশিরভাগ কারখানা সোমবার ছুটি হয়ে যাওয়ায় দুপুরের পর থেকে যাত্রীদের এই চাপ কয়েক গুণ বেড়েছে এবং ঈদের আগের দিন পর্যন্ত মহাসড়কে ঘরমুখো মানুষের এই উপচে পড়া ভিড় ও চাপ অব্যাহত থাকতে পারে।

সময়ের আলো/টিএইচ

সময়ের আলো/টিএইচ
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: