মানিকগঞ্জের সিংগাইরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৫ মে) বিকেলে হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক সড়কের উপজেলার কিটিংচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাউসার আহম্মেদ (১৮) উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামের মো. শহিদুল ইসলাম মোমেনের ছেলে। আহত আরাফাত (১৮) একই এলাকার মো. কোহিনুর বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হেমায়েতপুর থেকে সিংগাইরগামী একটি নম্বরবিহীন সিএনজি’র সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক কাউসার গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সময়ের আলো/জেডি