ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে চূড়ান্ত দল ঘোষণা করেছে ইউরোপের পরাশক্তি স্পেন। গতকাল ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্পেনের জনপ্রিয় ক্লাব বার্সেলোনার খেলোয়াড়দের আধিক্য থাকলেও তাতে স্থান পায়নি আরেক সমর্থকপ্রিয় রিয়াল মাদ্রিদের কেউ। বিশ্বকাপের আগে এটা রিয়াল সমর্থকদের জন্য চরম কষ্টের। কোচ লুইস দে লা ফুয়েন্তের দলে বার্সার রেকর্ড ৮ ফুটবলার জায়গা করে নিয়েছেন, তাতে রয়েছেন দলটির বিস্ময়বালক লামিনে ইয়ামালও। আরও রয়েছেন জোয়ান গার্সিয়া, পাউ কুবারসি, এরিক গার্সিয়া, পেদ্রি, গাভি, দানি অলমো এবং ফেররান তোরেস। সংখ্যাটা ৯ হতে পারত।
ইনজুরিতে শেষ মুহূর্তে ছিটকে গেছেন ফেরমিন লোপেজ। তবে রিয়াল মাদ্রিদের পেদ্রো গঞ্জালো গার্সিয়া এবং বার্সেলোনার মার্ক বের্নালসহ ৯ জন ফুটবলারকে সাপোর্ট প্লেয়ার হিসেবে দলে রেখেছেন কোচ। বিশ্বকাপের আগে মূল দলের সঙ্গে তারা অনুশীলনে অংশ নেবেন।
লুইস দে লা ফুয়েন্তের ঘোষিত দলে গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন উনাই সিমন, ডেভিড রায়া ও হুয়ান গার্সিয়া। রক্ষণভাগে মার্ক কুকুরেয়া, আলেহান্দ্রো গ্রিমালদো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক পুবিল, এরিক গার্সিয়া, মার্কোস ইয়োরেন্তে ও পেড্রো পোরো। মাঝমাঠের দায়িত্ব সামলাবেন পেদ্রি, ফাবিয়ান রুইজ, মার্তিন জুবিমেন্দি, গাভি, রদ্রিগো হার্নান্দেজ, অ্যালেক্স বায়েনা ও মিকেল মেরিনো।
আর আক্রমণভাগে ইয়ামালের সঙ্গে থাকছেন মিকেল ওয়ারজাবাল, দানি ওলমো, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, ফেরান তোরেস, বোর্হা ইগলেসিয়াস ও ভিক্টর মুনিয়োজ।
২০২২ কাতার বিশ্বকাপটা ভালো যায়নি স্পেনের। শেষ ষোলোতে সেবার আটকে যায় দলটি। তবে ট্র্যাকে ফিরতে সময় নেয়নি ২০১০ বিশ্বকাপ জয়ীরা। দুই বছর পর ইউরো জিতে নিজেদের সামর্থ্যরে প্রমাণ দেয় স্পেন। এ কারণে এবারের আসরে তাদের দিক চোখ পুরো ফুটবলবিশ্বের। এমনকি বিশ্বকাপ জয়ের সম্ভাব্য দল হিসেবেও বিবেচনায় ওপরের দিকে রাখা হয়েছে স্পেনকে। যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোতে অনুষ্ঠিত আসন্ন বিশ্বকাপে এবার ‘এইচ’ গ্রুপে পড়েছে দলটি।
যেখানে তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে, সৌদি আরব এবং উরুগুয়ে। ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ফুয়েন্তের দলের বিশ্বকাপ মিশন। তার আগে আগামী ৪ জুন গালিসিয়ার আ করুনিয়ায় ইরাকের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর ৮ জুন মেক্সিকোর পুয়েবলাতে পেরুর বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচে অংশ নেবে গাভি-ইয়ামালরা।
২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড
গোলরক্ষক : উনাই সিমন, ডেভিড রায়া ও হুয়ান গার্সিয়া।
ডিফেন্ডার : মার্ক কুকুরেয়া, আলেহান্দ্রো গ্রিমালদো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক পুবিল, এরিক গার্সিয়া, মার্কোস ইয়োরেন্তে ও পেড্রো পোরো।
মিডফিল্ডার : পেদ্রি, ফাবিয়ান রুইজ, মার্তিন জুবিমেন্দি, গাভি, রদ্রিগো হার্নান্দেজ (রদ্রি), অ্যালেক্স বায়েনা ও মিকেল মেরিনো।
ফরোয়ার্ড : মিকেল ওয়ারজাবাল, দানি ওলমো, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, ফেরান তোরেস, বোর্হা ইগলেসিয়াস, ভিক্টর মুনিয়োজ ও লামিন ইয়ামাল।
আরবিএন