পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ এবং সড়ক দুর্ঘটনায় শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তীব্র যানজটে আটকা পড়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল। ঢাকা থেকে রওনা হয়ে ১২ ঘণ্টায় মাত্র টাঙ্গাইল পৌঁছাতে পারায় এবং নির্ধারিত সময়ে এলাকায় উপস্থিত হতে না পেরে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
তীব্র যানজটের কারণে যথাসময়ে এলাকায় পৌঁছাতে না পেরে বুধবার (২৭ মে) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই সংসদ সদস্য। একই সঙ্গে ওই পোস্টে মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে কঠোর সমালোচনা করেছেন তিনি।
ফেসবুক পোস্টে নূরুল ইসলাম বুলবুল লিখেন, গরিব অসহায় ও দুস্থ মানুষের ঈদ সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বরাদ্দকৃত ১০ লাখ টাকার ঈদ উপহার সাধারণ মানুষের মাঝে বিতরণের জন্য এবং টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মামুনের পরিবার ও চরবাগডাঙ্গায় বজ্রপাতে নিহত মনোয়ারার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যেই গতকাল রাত ১১টা ৩৮ মিনিটে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু আজ বেলা ১১টা ২৫ মিনিট পর্যন্ত তীব্র যানজটের কারণে তারা টাঙ্গাইলেই আটকে ছিলেন।
তিনি আরও উল্লেখ করেন, বুধবার সকাল ১০টা এবং বেলা ১১টায় দুটি ভিন্নস্থানে ১০০০ জনের মাঝে এক হাজার টাকা করে তার উপস্থিত থেকে উপহার বিতরণ করার কথা ছিল। কিন্তু মহাসড়কের তীব্র যানজটের কারণে সশরীরে উপস্থিত থাকা আর সম্ভব হয়নি। নির্ধারিত সময়ে উপহার পৌঁছে দিতে না পারায় তিনি সাধারণ মানুষের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
সংসদ সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন, একদিকে সড়ক পরিবহন মন্ত্রীর পক্ষ থেকে প্রতিবারই ঈদযাত্রায় জনগণের স্বস্তির কথা বলা হচ্ছে কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। যানজটের কারণে সাধারণ মানুষের দুর্বিষহ ভোগান্তির বাস্তব চিত্র তিনি নিজে দীর্ঘ ১২ ঘণ্টা রাস্তায় আটকে থেকে উপলব্ধি করেছেন।
তিনি অভিযোগ করে আরও বলেন, ঢাকা থেকে মাত্র টাঙ্গাইল পৌঁছাতে তার দীর্ঘ ১২ ঘণ্টা সময় লেগেছে। অথচ এই দীর্ঘ ও ক্লান্তিকর যাত্রাপথে রাস্তার কোথাও ট্রাফিক পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর কোনো উপস্থিতি তার চোখে পড়েনি।
সময়ের আলো/টিএইচ