স্বাস্থ্য খাতে জনবল সংকটসহ নানা ধরনের ঘাটতি রয়েছে। ফলে প্রত্যাশা অনুযায়ী চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং আসন্ন বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়ে সেবার মান উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (২৭ মে ) দুপুরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরিদর্শনের সময় মন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং উপপরিচালক ডা. সাইফুল ইসলামের কাছ থেকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। এ সময় উপপরিচালক জানান, হাসপাতালে চিকিৎসক, নার্সসহ গুরুত্বপূর্ণ পদে ব্যাপক জনবল সংকট রয়েছে। সীমিত জনবল নিয়েই সেবা কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের রান্নাঘরও পরিদর্শন করেন এবং খাবারের মান পর্যবেক্ষণ করেন। তিনি খাবারের মানে সন্তোষ প্রকাশ করলেও ওয়াশরুম ও বেসিনের অপরিচ্ছন্ন অবস্থা দেখে অসন্তোষ জানান। তিনি লক্ষ্য করেন, রোগীদের স্বজনরা বেসিনে খাবারের উচ্ছিষ্ট ও মাছের কাঁটা ফেলছেন, যার ফলে পরিবেশ নোংরা হচ্ছে। এ অবস্থায় হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে সকালে মন্ত্রী পাকুন্দিয়া ও হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন, জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খানসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
/এসএকে