রাজধানীর কাফরুল এলাকায় চুরির শিকার হয়েছেন ঢালিউড অভিনেত্রী ইয়ামিন হক ববি। দুর্বৃত্তরা তার বাসার গ্রিল কেটে ভেতরে ঢুকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে গেছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে রাজধানীর সেনপাড়া পর্বতা এলাকার পূর্ব মনিপুরে অবস্থিত অভিনেত্রীর নিজস্ব ফ্ল্যাটে। এ ঘটনায় কাফরুল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, চুরির সময় অভিনেত্রী বাসায় ছিলেন না। একটি নতুন সিনেমার শুটিংয়ে অংশ নিতে তিনি বাইরে অবস্থান করছিলেন। পরে গৃহপরিচারিকার মাধ্যমে চুরির খবর পেয়ে দ্রুত বাসায় ফেরেন তিনি।
আরও পড়ুন
বাসায় গিয়ে ববি দেখতে পান, শোবার ঘরের আলমারি ভাঙাচোরা ও তছনছ অবস্থায় রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বারান্দা ও জানালার গ্রিল কেটে চোরেরা ফ্ল্যাটে প্রবেশ করে।
ক্ষয়ক্ষতির হিসাব অনুযায়ী, বাসা থেকে কয়েক কোটি টাকার কাছাকাছি মূল্যের স্বর্ণালংকার, ব্র্যান্ডেড হাতঘড়ি ও নগদ অর্থ খোয়া গেছে। এর মধ্যে স্বর্ণের চুড়ি, চেইন, কানের দুল, নেকলেস, ডায়মন্ডের নাকফুলসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী রয়েছে।
অভিনেত্রীর পরিবার বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় বাসাটি প্রায় ফাঁকাই ছিল বলে জানা গেছে। ববির মা হজ পালন করতে সৌদি আরবে এবং বোনেরা অস্ট্রেলিয়ায় রয়েছেন।
ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন এই অভিনেত্রী। তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দ্রুত জড়িতদের শনাক্ত করে মালামাল উদ্ধারের আশ্বাস দিয়েছেন।
কাফরুল থানার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং চোরচক্র শনাক্তে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।
এএডি/