শিবচরে বিদ্যুৎহীনতায় কোরবানি স্থগিত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে ঈদের দিনেও উপজেলার অধিকাংশ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ না

2026-05-28T17:03:58+00:00
2026-05-28T17:03:58+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
শিবচরে বিদ্যুৎহীনতায় কোরবানি স্থগিত
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৫:০৩ পিএম 
প্রতীকী ছবি
মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে ঈদের দিনেও উপজেলার অধিকাংশ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ না থাকায় ফ্রিজে কোরবানির মাংস সংরক্ষণ নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় অনেক পরিবার কোরবানি স্থগিত রেখেছে। এতে ঈদের আনন্দের বদলে দুর্ভোগ ও হতাশা নেমে এসেছে সাধারণ মানুষের মাঝে।

বুধবার (২৭ মে) সকাল ৮টার দিকে শিবচরে তীব্র কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টি হয়। ঝড়ে বিভিন্ন এলাকায় পল্লী বিদ্যুতের মূল লাইনের ওপর গাছ পড়ে যায় এবং অনেক স্থানে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

ঝড়ের প্রায় ৩৬ ঘণ্টা পার হলেও এখনো শিবচরের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়নি। পৌরসভা এলাকা ও আশপাশের কয়েকটি স্থানে বিদ্যুৎ সরবরাহ চালু করা গেলেও অধিকাংশ এলাকা এখনো অন্ধকারে রয়েছে।

বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কোরবানিদাতারা। পানির মোটর চালু করা যাচ্ছে না, আবার ফ্রিজ বন্ধ থাকায় কোরবানির মাংস সংরক্ষণ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। এ কারণে উপজেলার কয়েকটি এলাকায় অনেক পরিবার আজ কোরবানি দেওয়া থেকে বিরত রয়েছে।

শিবচরের সাহেবেরহাট এলাকার বাসিন্দা রেজাউল হাওলাদার বলেন, ‘গতকাল ঝড়ে আমার বাড়ির সামনের গাছ বিদ্যুতের লাইনের ওপর পড়ে যায়। বিকেলে পল্লী বিদ্যুতের লোকজন এসে বলেন, নিজ খরচে গাছ কেটে সরানোর পর তারা লাইন ঠিক করবেন। ঈদের দিন ভোরে উঠে আমি গাছ কেটে সরিয়েছি। কিন্তু এখনো কেউ আসেনি।’

এ বিষয়ে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে শিবচর জোনাল অফিসের ডিজিএম অভিলাষ চন্দ্র পাল বলেন, ‘প্রচণ্ড কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির কারণে বৈদ্যুতিক লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সব এলাকার ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করে পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করতে দীর্ঘ সময় প্রয়োজন হবে।’

/এসএকে


  বিষয়:   শিবচর  বিদ্যুৎহীনতা  কোরবানি  স্থগিত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: