‘পরিবারের যত্নে ব্যস্ত নারীরা, নিজের স্বাস্থ্যে অবহেলা’

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

পরিবারের সবার যত্ন নিতে গিয়ে অনেক নারী নিজের স্বাস্থ্যের প্রতি অবহেলা করেন। আবার লজ্জাবোধের কারণে স্তনে অস্বাভাবিক পরিবর্তন বা সমস্যা

2026-10-23T12:22:49+00:00
2026-10-23T12:22:49+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
‘পরিবারের যত্নে ব্যস্ত নারীরা, নিজের স্বাস্থ্যে অবহেলা’
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:২২ পিএম 
স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। ছবি : সময়ের আলো
পরিবারের সবার যত্ন নিতে গিয়ে অনেক নারী নিজের স্বাস্থ্যের প্রতি অবহেলা করেন। আবার লজ্জাবোধের কারণে স্তনে অস্বাভাবিক পরিবর্তন বা সমস্যা দেখা দিলেও অনেকে চিকিৎসকের কাছে যেতে চান না। স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে নারীদের নিজের শরীরের প্রতি যত্নবান হওয়া, নিয়মিত স্তন পরীক্ষা করা এবং কোনো অস্বাভাবিকতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ডাকবাংলা মোড়ে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’ মূলত ঢাকাকেন্দ্রিক কর্মসূচি হিসেবে শুরু হয়েছিল। তবে তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে ২০২০ সালের পর থেকে ঢাকার বাইরেও এ কর্মসূচি পালন করা হচ্ছে। স্তন ক্যান্সার সচেতনতার বার্তা সবার কাছে পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, বাঙালি নারীরা পরিবারের সবার প্রতি যত্নবান হলেও নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়ার ক্ষেত্রে অনেক সময় অবহেলা করেন। লজ্জাবোধের কারণেও অনেকে স্তন ক্যান্সারের লক্ষণ দেখা দিলে তা গোপন রাখেন। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে নারীদের নিজেদের শরীর সম্পর্কে সচেতন হতে হবে। স্তনে কোনো অস্বাভাবিকতা দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।


স্তন ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ঢাকা থেকে বরিশাল অভিমুখে শুরু হয়েছে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’। শুক্রবার সকালে শ্রীনগর উপজেলার ডাকবাংলা মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশসহ স্তন ক্যান্সার প্রতিরোধে কাজ করা অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী সংগঠন এ কর্মসূচিতে অংশ নিয়েছে। গোলাপি রঙে সাজানো একটি বিশেষ বাসে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিশেষজ্ঞ সার্জন, ক্যান্সারজয়ী ব্যক্তি, সংগঠক ও সংস্কৃতিকর্মীরা এ অভিযাত্রায় অংশ নিয়েছেন।

প্রথম দিনের কর্মসূচিতে শ্রীনগর, ভাঙ্গা, টেকেরহাট, রাজৈর, কালকিনি, টরকী বন্দর, গৌরনদী, বাটাজোর, শিকারপুর ও উজিরপুর হয়ে বরিশালে পৌঁছানোর কথা রয়েছে শোভাযাত্রাটির। পথে নির্ধারিত বিভিন্ন স্থানে সচেতনতামূলক কার্যক্রম ও লিফলেট বিতরণ শেষে বরিশালে রাত্রিযাপন করবেন অংশগ্রহণকারীরা।

পরবর্তী ধাপে বরিশাল থেকে নলছিটি, ঝালকাঠি, দুর্গাসাগর, বানারীপাড়া, বাবুগঞ্জ, রহমতপুর, মস্তফাপুর, মাদারীপুর, শরীয়তপুর ও নড়িয়াসহ প্রায় ৪০টি ছোট-বড় জনপদে প্রচার কার্যক্রম চালানো হবে। স্থানীয় অংশীজনদের নিয়ে বিভিন্ন স্থানে পথসভা ও প্রচারপত্র বিতরণ শেষে শোভাযাত্রাটি ঢাকায় ফিরে আসবে।

শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের সভাপতি ও প্রধান সমন্বয়কারী এবং ক্যান্সার রোগতত্ত্ববিদ অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

সময়ের আলো/জোই
  বিষয়:   পরিবার  যত্ন  ব্যস্ত নারী  স্বাস্থ্যে অবহেলা  শ্রীনগর  মুন্সীগঞ্জ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: