নিরাপত্তা নিয়ে ক্ষোভ, সরাইল থানায় ওসির সঙ্গে রুমিন ফারহানার বাগ্‌বিতণ্ডা

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

সারাদেশ

দুর্গাপূজায় ব্যক্তিগত নিরাপত্তা না পাওয়া ও পুলিশের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ওপর ক্ষোভ প্রকাশ

2026-10-23T10:23:10+00:00
2026-10-23T10:23:10+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
নিরাপত্তা নিয়ে ক্ষোভ, সরাইল থানায় ওসির সঙ্গে রুমিন ফারহানার বাগ্‌বিতণ্ডা
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৩ এএম 
সরাইল থানায় ওসির রুমে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি : সময়ের আলো
দুর্গাপূজায় ব্যক্তিগত নিরাপত্তা না পাওয়া ও পুলিশের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ওপর ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে থানায় গিয়ে তিনি ওসির বিরুদ্ধে ঘুস, দুর্নীতি এবং আওয়ামী লীগ নেতাদের বাড়িতে গিয়ে খাওয়াদাওয়ার অভিযোগ তোলেন। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভুঁইয়া। এ ঘটনাকে কেন্দ্র করে থানার বাইরে রুমিন ফারহানার পক্ষে ও ওসির বিরুদ্ধে স্লোগান দেন কয়েকশ মানুষ। এতে এলাকায় উত্তেজনা তৈরি হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে সরাইল থানায় ওসির কক্ষে এ ঘটনা ঘটে। 

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর) আসনের এমপি থানার কক্ষে বসে বলেন, ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি একাধিকবার অনুরোধ করেছেন। বিজয়নগর ও আশুগঞ্জে নিরাপত্তা পেলেও সরাইলে তা পাননি বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, নির্বাচিত সংসদ সদস্য নিরাপত্তা চাইলে স্থানীয় পর্যায়ে তা নিশ্চিত করার বিধান রয়েছে।

রুমিন ফারহানা অভিযোগ করেন, ওসি তার লোকজনের ফোন ধরেন না এবং নিরাপত্তার বিষয়ে সহযোগিতা করেননি। এ কারণে এলাকার মানুষই তার নিরাপত্তায় এগিয়ে এসেছেন বলে মন্তব্য করেন তিনি।

ওসির বিরুদ্ধে দুর্নীতি, মাটি কাটার কাজ থেকে অর্থ নেওয়া এবং বালু ও ইটভাটা থেকে টাকা নেওয়ার অভিযোগও তোলেন এই সংসদ সদস্য। তার ভাষ্য, এলাকাটিতে সংঘাতের ঝুঁকি থাকলেও কোনো ঘটনা ঘটার পর পরিস্থিতি শান্ত হলে পুলিশ তৎপর হয়। এসব বিষয় জানতে এবং ওসির আচরণ নিয়ে কথা বলতেই তিনি থানায় গিয়েছিলেন বলে জানান।

ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভুঁইয়া বলেন, রুমিন ফারহানা দেড় থেকে দুই শ লোক নিয়ে থানায় এসে হইচই করেন। তার কক্ষে অনেক লোক প্রবেশ করায় বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। তার দাবি, কয়েকজনকে দিয়ে তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে।


আওয়ামী লীগ নেতার বাড়িতে গিয়ে খাওয়াদাওয়ার অভিযোগ প্রসঙ্গে ওসি বলেন, তিনি ব্যক্তিগত কোনো দাওয়াতে যান না। বিয়ের অনুষ্ঠানেও অংশ নেন না। কেবল সরকারি অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে থাকলে সেখানে উপস্থিত হন।

মামলার আসামি ছেড়ে দেওয়ার জন্য ৩০ হাজার টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে ওসি বলেন, যিনি টাকা দেওয়ার দাবি করেছেন, তাকে তিনি চেনেন বলে মনে করতে পারছেন না। আসামিদের গ্রেফতার করে হাজতে পাঠানো এবং আদালতে পাঠানোর প্রক্রিয়ায় এ ধরনের লেনদেনের প্রয়োজন হয় না বলেও দাবি করেন তিনি।

ইটভাটা থেকে অর্থ নেওয়ার অভিযোগের বিষয়ে ওসি বলেন, সরাইলের হাওরাঞ্চলের ইটভাটাগুলো পানির নিচে ডুবে আছে। এমন পরিস্থিতিতে তার বিরুদ্ধে এ অভিযোগ কেন তোলা হয়েছে, তা বুঝতে পারছেন না বলে জানান তিনি।

দুর্গাপূজায় নিরাপত্তা না দেওয়ার অভিযোগের জবাবে ওসি বলেন, থানা এলাকার পূজামণ্ডপগুলোতে পুলিশ সামগ্রিক নিরাপত্তা-ব্যবস্থা নিশ্চিত করেছিল। তবে সংসদ সদস্যের ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান প্রয়োজন হলে তাকে পুলিশ সুপারের কাছে আবেদন করতে হবে। ব্যক্তিগত নিরাপত্তায় আলাদা পুলিশ দল নিয়োজিত রাখা তার পক্ষে সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

ওসির আরও অভিযোগ, রুমিন ফারহানা তার অনুসারীদের নিয়ে থানায় এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং তার কক্ষে অবরুদ্ধ করার পরিস্থিতি তৈরি করেন। থানার বাইরেও মিছিল হয়েছে। সেখানে নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো সংগঠনের লোকজন ছিলেন কিনা, তা তিনি জানেন না বলে জানান।

ওসি বলেন, পুরো ঘটনা তিনি নোট করে রেখেছেন। রুমিন ফারহানার তোলা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।

সময়ের আলো/জোই
  বিষয়:   নিরাপত্তা  ক্ষোভ  সরাইল থানা  ওসি  রুমিন ফারহানা  বাগ্‌বিতণ্ডা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: