প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮:৫৮ এএম
সংগৃহীত ছবিনারায়ণগঞ্জের পূর্বাচলে ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের ভূঁইয়াব ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন , রূপগঞ্জ উপজেলার দিঘিরপাড় এলাকার আক্তার মিয়ার ছেলে রুদ্র মিয়া এবং বেল্লারটেক এলাকার কামালের ছেলে ইয়াছিন। আহত শ্রাবণ মিয়া বাঘবের সিটি মার্কেট এলাকার জিল্লুরের ছেলে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন।
পুলিশ জানায়, তিন বন্ধু একটি নিবন্ধনহীন মোটরসাইকেলে করে পূর্বাচল এলাকায় ঘুরতে বের হয়েছিলেন। একপর্যায়ে তারা ভূঁইয়াব ব্রিজের পশ্চিম পাশে সার্ভিস লেন দিয়ে উল্টোপথে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুদ্র ও ইয়াছিন নিহত হন। গুরুতর আহত হন শ্রাবণ।
ওসি এএইচএম সালাউদ্দিন আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় জড়িত ট্রাক ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
সময়ের আলো/জোই