প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:০৩ এএম
তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। ছবি : সংগৃহীতআওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে চাইলে জুলাইয়ের ঘটনাকে স্বীকার করে ক্ষমা চাইতে হবে এবং সংশ্লিষ্টদের বিচারের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।
তিনি বলেন, এরপর আওয়ামী লীগকে রাজনীতিতে জনগণ কতটা সুযোগ দেবে, তা সময়ই বলে দেবে।
পার্থ বলেন, আওয়ামী লীগ প্রায় আড়াই বছর আগে দেশ ছেড়ে পালিয়ে গেছে। এরপর দলটির রাজনৈতিক কার্যক্রম নেই বললেই চলে। তবে হাতে গোনা কয়েকজন মিছিল করেন। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে চাইলে অনেক চিন্তাভাবনা করে আসতে হবে। জুলাইকে অস্বীকার করে রাজনীতি করার সুযোগ নেই। জুলাইয়ের ঘটনায় তাদের ক্ষমা চাইতে হবে এবং দোষীদের সাজা হতে হবে। এরপর দেশের মানুষ চাইলে দলটিকে রাজনীতি করার সুযোগ দেবে।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, তিনি দেশে ফিরবেন কি না, তা সময়ই বলে দেবে। তবে তার মতে, এখনো সেই সময় আসেনি। ২০২৪ সালের হত্যা ও নির্যাতনের ঘটনা বাংলাদেশের মানুষ এখনো ভুলে যায়নি। এ পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফিরে আসা বাস্তবসম্মত বলে মনে করেন না তিনি।
আওয়ামী লীগের গণতন্ত্র নিয়ে বক্তব্যের সমালোচনা করে পার্থ বলেন, দলটি আগে বলত, দেশে জঙ্গিতে ভরে গেছে। এখন বলছে, দেশে গণতন্ত্র নেই। অথচ আওয়ামী লীগ ১৭ বছর ধরে গণতন্ত্র ধ্বংস করেছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, তারা নির্বাচিত হয়ে দেশের গণতন্ত্র উদ্ধার করেছেন।
পার্থ আরও বলেন, আওয়ামী লীগ আগে দাবি করত, বিএনপি ক্ষমতায় এলে দেশে পূজা হবে না। কিন্তু বাংলাদেশে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্যাপিত হয়েছে।
এ সময় জেলা ও বিভিন্ন ইউনিয়নের বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এসএকে