প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:১৬ পিএম
প্রশাসনের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক। ছবি : সময়ের আলোআগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে গোপালগঞ্জের জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর নেতারা। কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনা, প্রশাসনিক সহযোগিতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে বৈঠকে আলোচনা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) পুলিশ প্রশাসনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও লংমার্চের শৃঙ্খলা বিভাগের প্রধান মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মো. ফখরুদ্দিন মানিক, গোপালগঞ্জের পুলিশ সুপার হাবিবুল্লাহ, সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, জামায়াতের ফরিদপুর জেলা আমির মাওলানা বদর উদ্দিন, গোপালগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমির অ্যাডভোকেট আজমল হোসাইন এবং বর্তমান আমির মাওলানা রেজাউল করিম।
বৈঠকে লংমার্চের সার্বিক ব্যবস্থাপনা, প্রশাসনের সহযোগিতা এবং কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এদিকে, লংমার্চ বাস্তবায়ন ও সার্বিক সহযোগিতার বিষয়ে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম তারেক সুলতানের সঙ্গেও বৈঠক করেন বাস্তবায়ন কমিটির নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন এমপি, নড়াইল জেলা আমির আতাউর রহমান বাচ্চু এমপিসহ লংমার্চ বাস্তবায়ন কমিটির অন্যান্য নেতারা।
বৈঠকে কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসন এবং বাস্তবায়ন কমিটির মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সময়ের আলো/জোই