রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ভেন্টিলেশন ব্যবস্থায় ত্রুটি পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্ত কমিটি। স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করে বলেছে, ঘটনার কারণ ও ব্যবস্থাপনা নিয়ে চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই জমা দেওয়া হবে।
শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডের ভেন্টিলেশন সিস্টেমে ত্রুটি পাওয়া গেছে। শনিবার তদন্ত প্রতিবেদন পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত বুধবার সকালে ওই হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। একই ওয়ার্ডে ভর্তি ছিলেন ১১ জন প্রসূতি মা ও ছয় নবজাতক।
আরও পড়ুন
পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে এক প্রসূতি মায়ের অনুরোধে ওয়ার্ডের এসি সাময়িকভাবে বন্ধ করা হয়। প্রায় এক ঘণ্টা পর পুনরায় এসি চালু করা হলেও কিছুক্ষণের মধ্যেই কয়েকজন নবজাতক অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের এনআইসিইউতে স্থানান্তরের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
পরবর্তীতে সকাল নাগাদ একে একে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনার পর হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনা ও পর্যবেক্ষণ নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এসি বন্ধ থাকার কারণে তাপমাত্রাজনিত জটিলতা থেকে এই মৃত্যু ঘটতে পারে। তবে স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও ব্যবস্থাপনার দুর্বলতাকে দায়ী করছেন।
ঘটনার পরপরই স্বাস্থ্য অধিদপ্তর তিন সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে এবং ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়। তদন্ত কমিটি ইতোমধ্যে ভেন্টিলেশন ব্যবস্থায় ত্রুটি চিহ্নিত করেছে বলে জানা গেছে।
এএডি/