মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রাম সংলগ্ন নদী থেকে অজ্ঞাতনামা এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। নিহতের বয়স আনুমানিক ২৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (২৯ মে) সকাল ১০টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রামের পূর্ব পাশের নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে স্থানীয় এক ব্যক্তি নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে নদীর পাড়ে উৎসুক জনতার ভিড় জমে। পরে খবর পেয়ে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।’
/এসএকে