নাটোরের বড়াইগ্রামে প্রতিহিংসার জেরে এক মাছচাষির পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
শুক্রবার (২৯ মে) ঘটনাটি ঘটে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কুমরুল পূর্বপাড়া গ্রামে। ভুক্তভোগী আনোয়ার হোসেন উপজেলার হারোয়া গ্রামের বাসিন্দা। তিনি জানান, ভাগ্য পরিবর্তনের আশায় তিনি অন্যের পাঁচ বিঘা পুকুর তিন বছরের জন্য ৬ লাখ টাকায় ইজারা নিয়ে মাছ চাষ শুরু করেন।
প্রায় দুই বছর আগে শুরু করা এই চাষে রুই, কাতলা, সিলভার কার্প, চিতলসহ ১০ থেকে ১২ প্রজাতির মাছ মজুদ করা হয়েছিল, যার মূল্য প্রায় দেড় লাখ টাকা। পাশাপাশি চাষাবাদে এখন পর্যন্ত প্রায় ৫ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানান তিনি।
আনোয়ার হোসেনের অভিযোগ, বৃহস্পতিবার (২৮ মে) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে। শুক্রবার সকালে তিনি পুকুরে গিয়ে দেখতে পান, সব মাছ মরে পানিতে ভেসে উঠেছে। পুকুরের পানিতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং মরা মাছগুলো পাড়ে গর্ত করে পুঁতে ফেলা হয়।
তিনি আরও জানান, এর আগেও চলতি বছরের ঈদুল ফিতরের রাতে একই পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলা হয়েছিল। তখন তার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়।
ঘটনার পর শুক্রবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, পুকুরজুড়ে মরা মাছ ভেসে আছে এবং পাড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। ইজারাদারের লোকজন মরা মাছ সরিয়ে মাটিতে পুঁতে ফেলছেন।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুব হোসেন বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
/এসএকে