পটুয়াখালীর দুমকি থানার সি আর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও হানি ট্রাপ চক্রের অন্যতম সদস্য মোসা. রাকিবা ওরফে সাদিয়া (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩০ মে) দিবাগত রাত ২টায় দুমকি থানার এসআই মো. সজিব হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম পটুয়াখালী সদর থানাধীন ছোট চৌরাস্তা এলাকার একটি ভাড়া বাসা থেকে সাদিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। মোসা. রাকিবা ওরফে সাদিয়া দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আঠারো গাছিয়া গ্রামের আবু জাফরের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সাদিয়া সিআর -১৫/২৬ (দুমকি), ধারা-৩৪১/৩২৩/৪০৬/৪২০/৩৮৪/৫০৬(২) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি পটুয়াখালীর কুখ্যাত হানি ট্রাপ চক্রের অন্যতম সক্রিয় সদস্য। তিনি পটুয়াখালী শহরের বিভিন্ন স্থানে ভাড়া বাসা নিয়ে নানা ধরনের অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আসছিলেন। এছাড়াও তিনি বিবাহের নামে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে পুরুষের টাকা-পয়সা হাতিয়ে নেওয়াসহ সর্বস্ব কেড়ে নিতেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে।
সময়ের আলো/জেডি