বিএনপি মজলুম থেকে জালিম হয়ে উঠেছে : শিবির সভাপতি

সাতক্ষীরা প্রতিনিধি

রাজনীতি

বিএনপিকে উদ্দেশ্য করে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘যারা এতদিন মজলুম ছিল তারা এখন জুলুম শুরু করেছে।

2026-05-30T19:39:45+00:00
2026-05-30T19:39:45+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
বিএনপি মজলুম থেকে জালিম হয়ে উঠেছে : শিবির সভাপতি
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ৭:৩৯ পিএম 
সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছবি : সময়ের আলো প্রতিনিধি
বিএনপিকে উদ্দেশ্য করে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘যারা এতদিন মজলুম ছিল তারা এখন জুলুম শুরু করেছে। মজলুম যখন জালেম হয় তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে।’ 

শনিবার (৩০ মে) দুপুরে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘ইসলামী ছাত্রশিবির হচ্ছে বিশ্বের সকল ছাত্র সংগঠনের মধ্যে সবচেয়ে বড় সংগঠন। এটি একটি মেধাবী, আদর্শিক ও নৈতিকতাসম্পন্ন ছাত্র সংগঠন, যার মূল উদ্দেশ্যই হলো মেধার চর্চা এবং মেধাবী শিক্ষার্থী তৈরি করা।’ 

শিবির সভাপতি সাদ্দাম আরও বলেন, ‘বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে সকল শিক্ষার্থীর সিট নিশ্চিতের জন্য শিবির যখন আন্দোলন করছে, তখন বৃহত্তর ছাত্র সংগঠন দাবি করা সংগঠনের নেতারা ছিনতাই, খুন, ধর্ষণ, টেন্ডারবাজি ও চাঁদাবাজি নিয়ে ব্যস্ত। ক্যাম্পাসগুলোতে শিবিরের কর্মসূচিগুলোতে যখন সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে, তখন অন্য ছাত্র সংগঠনের নেতারা বহিরাগতদের ভাড়া করে এনেও তাদের কর্মসূচি সফল করতে পারছে না। তাদের সেই বস্তাপচা রাজনীতি দেখে ছাত্র-ছাত্রীরা তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।’

তিনি উল্লেখ করেন, ইসলামের আদর্শ ও শিক্ষা অনুসরণের মাধ্যমে একটি কল্যাণমূলক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণ করা ছাত্রশিবিরের মূল লক্ষ্য। ক্যাম্পাসে গেস্টরুম সংস্কৃতি ও মাদক নির্মূল করে সাধারণ শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংগঠনটি বদ্ধপরিকর। 

সরকারের অব্যবস্থাপনা ও দুর্বল প্রশাসনের কারণে জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলে অভিযোগ করেন শিবির সভাপতি। তিনি বলেন, এবারের ঈদযাত্রায় মানুষের চরম ভোগান্তি হয়েছে এবং সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে। তিনি কোরবানির প্রকৃত শিক্ষা গ্রহণ করে সমাজে ত্যাগ, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ছাত্রশিবিরকে এগিয়ে আসার আহ্বান জানান।


ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদি হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি নুরুন নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুহা. ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর শেখ নূরুল হুদা, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মো. ওবায়দুল্লাহ এবং সহকারী সেক্রেটারি ও সাবেক শিবির সভাপতি মো. ওমর ফারুকসহ সাবেক ও বর্তমান দায়িত্বশীল নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান সভাপতি, সেক্রেটারীসহ কয়েকশ সদস্য উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   বিএনপি  মজলুম  জালিম  শিবির সভাপতি 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: