সংযুক্ত আরব আমিরাত সফরের কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করতেই নতুন বিতর্কের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। আবুধাবির একটি ধর্মীয় স্থানে হিজাব পরা অবস্থায় তার কয়েকটি ছবি ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। তবে সমালোচনার বিপরীতে অভিনেত্রীর সমর্থনে সরব হয়েছেন তার ভক্ত ও অনুসারীদের বড় একটি অংশ।
সম্প্রতি স্বামী ভিকি জৈনের সঙ্গে আবুধাবি ভ্রমণে যান অঙ্কিতা। সফরের বিভিন্ন মুহূর্তের ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তিনি। এসব ছবির মধ্যে কয়েকটিতে তাকে স্থানীয় নিয়ম মেনে হিজাব পরা অবস্থায় দেখা যায়।
ছবিগুলো প্রকাশের পর কিছু সামাজিক মাধ্যম ব্যবহারকারী প্রশ্ন তোলেন, কেন তিনি হিজাব পরেছেন। কেউ কেউ তার ধর্মীয় পরিচয় নিয়েও মন্তব্য করতে শুরু করেন। বিষয়টি দ্রুত সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দেয়।
আরও পড়ুন
তবে অভিনেত্রীর ভক্তরা এসব সমালোচনার বিরোধিতা করেন। তাদের বক্তব্য, মধ্যপ্রাচ্যের অনেক ধর্মীয় ও ঐতিহাসিক স্থানে প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট পোশাকবিধি অনুসরণ করা বাধ্যতামূলক। অঙ্কিতা সেই নিয়মের প্রতি সম্মান দেখিয়েই হিজাব পরেছেন। এতে বিতর্কের কোনো কারণ নেই বলে মনে করেন তারা।
আরেক অংশের ভক্তদের মতে, পোশাক নির্বাচন একজন ব্যক্তির নিজস্ব স্বাধীনতা ও ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়। সেটিকে ধর্মীয় বিতর্কে রূপ দেওয়ার প্রবণতা অনাকাঙ্ক্ষিত। তারা সামাজিক মাধ্যমে অযথা নেতিবাচক মন্তব্য না করারও আহ্বান জানিয়েছেন।
ছোটপর্দার জনপ্রিয় মুখ অঙ্কিতা লোখান্ডে ভারতীয় টেলিভিশনের বহুল আলোচিত ধারাবাহিক ‘পবিত্র রিশতা’র মাধ্যমে দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেন। পরবর্তীতে তিনি চলচ্চিত্রেও নিজের অবস্থান তৈরি করেন। ‘মণিকর্ণিকা : ঝাঁসির রানি’ এবং ‘বাঘি থ্রি’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি।
ব্যক্তিগত জীবনে ২০২১ সালের ডিসেম্বরে ব্যবসায়ী ভিকি জৈনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অঙ্কিতা। এরপর বিভিন্ন রিয়েলিটি শোতে এই দম্পতির উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। ‘স্মার্ট জোড়ি’, ‘বিগ বস সিজন ১৭’ এবং ‘লাফটার শেফস সিজন ২’-এ একসঙ্গে অংশ নিয়ে তারা আলোচনায় আসেন।
এএডি/