২৮তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। চীনে আসন্ন ১২ জুন শুরু হতে যাওয়া এই উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে মনোজ প্রামাণিক প্রযোজিত এই সিনেমাটি। সিনেমাটির ইংরেজি নাম ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’।
সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমাদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবনকাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘সাঁকোটা দুলছে’।
সিনেমাটিতে তুলে ধরা হয়েছে কুসংস্কার, পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা এবং সামাজিক নিপীড়নের বিরুদ্ধে নারীদের সংগ্রাম। গল্পে দেখা যায়, একজন অন্ধ তরুণী নানা প্রতিকূলতা পেরিয়ে নিজের স্বপ্নের পথে এগিয়ে যায় এবং একপর্যায়ে রহস্যময় এক হাতির মুখোমুখি হয়।
সম্পূর্ণ সাদা-কালোতে নির্মিত এই সিনেমাটি নারীর জীবন, বিশ্বাস, সামাজিক নিয়ন্ত্রণ এবং ব্যক্তিস্বাধীনতার বিষয়গুলো কাব্যিক চলচ্চিত্রভাষায় উপস্থাপন করেছে।
সিনেমাটিতে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া হক, অশোক ব্যাপারী, সাবিহা জামান, পঙ্কজ মজুমদার, মুনসিফ মিম, নিশাত তাসনিমসহ অনেকে।
পরিচালক ইশতিয়াক আহমাদ জিহাদ বলেন, গ্রামীণ বাস্তবতা ও নারীদের জীবনের অভিজ্ঞতা থেকেই এই চলচ্চিত্রের জন্ম। প্রযোজক মনোজ প্রামাণিক বলেন, সীমিত বাজেট, সীমিত সুযোগ ও একদল তরুণ চলচ্চিত্রকর্মীর পরিশ্রমের ফল এই সিনেমা। সাংহাই উৎসবে নির্বাচিত হওয়া তাদের দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি।
সাংহাই চলচ্চিত্র উৎসবে বিশ্ব প্রিমিয়ার শেষে সিনেমাটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। পরবর্তী সময়ে বাংলাদেশে মুক্তি দেওয়া হবে ‘সাঁকোটা দুলছে’।
আরবিএন