প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১১:০৮ পিএম
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ছবি : সংগৃহীতহলিউডে নিজের অবস্থান আরও শক্ত করছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। একের পর এক আন্তর্জাতিক প্রজেক্টে যুক্ত হচ্ছেন এই অভিনেত্রী। এবার নতুন খবর, হলিউডের সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ব্লুফ্লাই’-তে অভিনয় করছেন তিনি। এতে তার সহশিল্পী হিসেবে থাকছেন অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রো। সম্প্রতি সিনেমাটির অভিনয়শিল্পীদের তালিকায় যুক্ত হয়েছেন অভিনেতা ড্যানিয়েল ম্যাকফারসনও।
আন্তর্জাতিক এক গণমাধ্যম প্রতিবেদনে জানা গেছে, ব্লুফ্লাই পরিচালনা করছেন নিমরোদ আনতাল। ‘প্রিডেটরস’ সিনেমার পরিচালক হিসেবে পরিচিত তিনি। সিনেমাটিতে প্রিয়াঙ্কাকে দেখা যাবে জাতিসংঘের একজন অনুবাদকের চরিত্রে। ব্যক্তিগত শোক বয়ে বেড়ানো এই নারী কঙ্গোতে একটি গোপন অভিযানে জড়িয়ে পড়েন। অভিযানের উদ্দেশ্য দুর্ঘটনায় বিধ্বস্ত একটি রহস্যময় উড়োজাহাজ উদ্ধার করা।
গল্পে দেখা যাবে, স্পেশাল অপারেশনস দলের সদস্যরা কঙ্গোর দুর্গম নদীপথ ধরে মিলিশিয়াদের নিয়ন্ত্রণাধীন এলাকায় প্রবেশ করেন। কিন্তু উদ্ধার অভিযান যত এগোতে থাকে, ততই সামনে আসতে থাকে অপ্রত্যাশিত বিপদ ও রহস্য। ড্যানিয়েল ম্যাকফারসন অভিনয় করবেন দীর্ঘদিনের যুদ্ধের অভিজ্ঞতাসম্পন্ন একজন স্পেশাল ফোর্সেস সেনার চরিত্রে। রাসেল ক্রোর চরিত্র সম্পর্কে বিস্তারিত অবশ্য এখনও প্রকাশ করা হয়নি।
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ডেভিড ফ্রিজেরিও, উইলিয়াম ইউব্যাংক ও কার্লাইল ইউব্যাংক। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে সিনেমাটির শুটিং হওয়ার কথা রয়েছে। সেখানে কঙ্গোর পরিবেশ তৈরি করে দৃশ্য ধারণ করা হবে। এর আগে ‘দ্য ব্লাফ’, ‘হেডস অব স্টেট’সহ আন্তর্জাতিক বেশ কয়েকটি প্রজেক্টে অভিনয় করে আলোচনায় এসেছেন প্রিয়াঙ্কা। পাশাপাশি ভারতীয় সিনেমাতেও ফিরছেন তিনি। এস এস রাজামৌলির ‘বারাণসী’ সিনেমায়ও দেখা যাবে তাকে।
সব মিলিয়ে ব্লুফ্লাই প্রিয়াঙ্কার আন্তর্জাতিক ক্যারিয়ারে নতুন সংযোজন হতে যাচ্ছে। বিশেষ করে রাসেল ক্রোর সঙ্গে প্রথমবার পর্দা ভাগাভাগি করার বিষয়টি নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। এদিকে এস এস রাজামৌলির সঙ্গে বারাণসী সিনেমার মাধ্যমে বলিউডে প্রত্যাবর্তন হচ্ছে প্রিয়াঙ্কার। সিনেমাটি ২০২৭ সালের এপ্রিলে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
সময়ের আলো/প্রিন্ট/জেডি