প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৫:৩৬ পিএম
ছবি : ভিডিও থেকে নেওয়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘কনসার্ট ফর সলিডারিটি’ ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। শনিবার দুপুর থেকেই কনসার্টস্থলে ভিড় করতে থাকেন দর্শনার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। কেউ বন্ধুদের সঙ্গে, কেউবা পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন প্রিয় ব্যান্ডের গান সরাসরি শুনতে।
শনিবার (৭ নভেম্বর) দুপুর থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় দর্শনার্থীদের আনাগোনা শুরু হয়। তরুণদের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষ কনসার্টে অংশ নিতে আসেন। অনেককে মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করতেও দেখা যায়।
কনসার্টে গান পরিবেশন করবে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড—নগর বাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স। বিকেল ৪টায় শুরু হয়ে প্রায় সাত ঘণ্টা চলবে এই আয়োজন। দর্শকদের জন্য প্রবেশ উন্মুক্ত রাখা হয়েছে। ফলে কোনো টিকিট ছাড়াই কনসার্ট উপভোগের সুযোগ পাচ্ছেন সংগীতপ্রেমীরা।
দর্শকদের মধ্যে বিশেষ আগ্রহ দেখা গেছে জেমস, মাইলস ও ওয়ারফেজের গান নিয়ে। মাহিন নামের এক দর্শক বলেন, ‘জেমস আমাদের প্রিয় শিল্পী। অনেক দিন ধরে তাঁর গান সরাসরি শোনার ইচ্ছা ছিল। আজ সেই সুযোগ পেয়েছি। তাই দুপুরেই চলে এসেছি।’
মিফতা নামের আরেক দর্শক বলেন, ‘একই মঞ্চে সাতটি জনপ্রিয় ব্যান্ডের গান শোনার সুযোগ সচরাচর পাওয়া যায় না। বন্ধুদের সঙ্গে এসেছি। পুরো আয়োজন উপভোগ করতে চাই।’
কনসার্টে আসা তরুণী মহিয়া বলেন, ‘ওয়ারফেজ ও আর্টসেলের গান আমার খুব ভালো লাগে। বিশেষ করে তাদের জনপ্রিয় গানগুলো সরাসরি শোনার অপেক্ষায়। এমন উন্মুক্ত আয়োজন আরও হওয়া উচিত।’
এদিকে কনসার্ট ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে এই কনসার্ট। সহযোগিতায় রয়েছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)।
সময়ের আলো/জেডি