প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১০:৪০ পিএম
অভিনেত্রী দীপা খন্দকার। ছবি : সংগৃহীত অভিনয় জগতে দীর্ঘ ২৮ বছরের পথচলা অভিনেত্রী দীপা খন্দকারের। ক্যারিয়ারে নানা চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা ও প্রশংসা পেয়েছেন তিনি। এবার নতুন পরিচয়ে নিজেকে তুলে ধরতে চান এই অভিনেত্রী। নাম লেখাতে যাচ্ছেন পরিচালকের খাতায়। সবকিছু পরিকল্পনা মতো এগোলে আগামী বছরই পরিচালক হিসেবে অভিষেক হতে পারে তার।
সম্প্রতি এক পডকাস্টে অতিথি হয়ে নিজের এই নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন দীপা খন্দকার। এ সময় অভিনয় জীবনের নানা অভিজ্ঞতা ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে কথা বলেন তিনি।
পরিচালনায় আসার পরিকল্পনা প্রসঙ্গে দীপা জানান, অভিনয় করতে করতে তার মনে হয়েছে এবার নিজেই নাটক নির্মাণের অভিজ্ঞতা নেওয়া যেতে পারে। তবে এখনও নির্দিষ্ট কোনো নাটকের নাম কিংবা নির্মাণ পরিকল্পনার বিস্তারিত জানাননি তিনি।
অভিনেত্রী বলেছেন, অভিনয় জীবনের অভিজ্ঞতা থেকে ইদানীং মনে হচ্ছে ২-৩টি নাটক পরিচালনা করতে পারলে মন্দ হবে না। গভীরভাবে ভাবছি, সবকিছু মিলে গেলে নতুন বছরেই পরিচালক হিসেবে আমার অভিষেক হবে।
দীপার এই সিদ্ধান্ত তার দীর্ঘ অভিনয় জীবনে নতুন একটি অধ্যায় যোগ করতে যাচ্ছে। তবে পরিচালনায় অভিষেকের জন্য নাটকের গল্প, অভিনয়শিল্পী কিংবা নির্মাণ পরিকল্পনা সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানাননি তিনি।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে ফাতেমা ফুপুর চরিত্রে অভিনয়ে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। চরিত্রটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে ‘জাতীয় ফুপু’ নামে অভিহিত করছেন।
এ ছাড়া একই নির্মাতার ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকেও যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। সেখানে শেষ মুহূর্তে চরিত্র পরিবর্তন করে মাত্র দুই ঘণ্টার মধ্যে নতুন চরিত্রের জন্য প্রস্তুত হওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার।
দীর্ঘদিনের অভিনয় অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার নির্মাণে কতটা সাফল্য পান, সেটিই দেখার অপেক্ষা। অভিনয়ের পরিচিত গণ্ডি পেরিয়ে পরিচালনায় দীপার নতুন যাত্রা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যেও।
এদিকে অভিনয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন দীপা। টিভি নাটক ও ওটিটি প্ল্যাটফর্মের পাশাপাশি অভিনয় করছেন সিনেমাতেও। মুক্তির অপেক্ষায় রয়েছে তার একাধিক সিনেমা। এর মধ্যে উল্লেখযোগ্য জাহিদ হোসেন পরিচালিত ‘ঋতুকামিনী’ ও তন্ময় সূর্যের ‘হাঙর’। সিনেমাগুলোতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে।
জাহিদ হোসেন পরিচালিত ‘ঋতুকামিনী’ সিনেমায়। যেখানে তার মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এই প্রজন্মের দর্শকপ্রিয় নায়িকা অধরা খান।
সময়ের আলো/প্রিন্ট/জেডি