প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ পিএম
ছবি : সংগৃহীত বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের কাছে এবারের সময়টা বিশেষ। স্বামী রণবীর কাপুরের নতুন সিনেমা ‘রামায়ণ : পার্ট ওয়ান’ মুক্তিকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। শুধু সিনেমার প্রচারে নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও স্বামীর কাজের প্রতি ভালোবাসা ও সমর্থন জানিয়েছেন এই অভিনেত্রী।
রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ : পার্ট ওয়ান’ গত ৫ নভেম্বর মুক্তি পেয়েছে। সিনেমাটি মুক্তির দিন আলিয়া নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে রণবীরের কাজের প্রশংসা করেন। পাশাপাশি সিনেমাটির নেপথ্যের কিছু ছবিও প্রকাশ করেন। এর মধ্যে একটি ছবিতে দেখা যায়, রণবীর তাদের মেয়ে রাহাকে স্নেহভরে চুমু দিচ্ছেন।
আলিয়া ছবিগুলোর সঙ্গে রণবীরের উদ্দেশে লেখেন, তিনি এই সিনেমার জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন। এরপরও মেয়ের জন্য তার ভালোবাসা ও স্নেহের কোনো কমতি নেই। স্বামীর কাজ নিয়ে গর্ব প্রকাশ করে আলিয়া লেখেন, রণবীর এবং সিনেমাটির সঙ্গে যুক্ত প্রত্যেকের জন্য তিনি গর্বিত। তার মতে, ‘রামায়ণ’-এর মতো কিছু গল্প ব্যক্তিগত গণ্ডি ছাড়িয়ে বৃহত্তর হয়ে ওঠে।
সিনেমাটিতে রণবীরকে দেখা গেছে ভগবান রামের চরিত্রে। সীতার ভূমিকায় অভিনয় করেছেন সাই পল্লবী এবং রাবণের চরিত্রে রয়েছেন যশ। বাল্মীকি রচিত মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। পাশাপাশি তুলসীদাসের ‘রামচরিতমানস’সহ বিভিন্ন রামায়ণ-আখ্যান থেকেও অনুপ্রেরণা নেওয়া হয়েছে।
প্রতিবেদনে সিনেমাটির সম্ভাব্য বাজেট প্রায় ৪ হাজার কোটি রুপি বলে উল্লেখ করা হয়েছে। হলিউডের বড় বাজেটের সিনেমার সমমানের ভিজ্যুয়াল আয়োজন নিয়ে নির্মিত এই ছবির আন্তর্জাতিক পরিবেশনার সঙ্গেও যুক্ত হয়েছে সনি পিকচার্স।
আলিয়ার এই পোস্ট ঘিরে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ। বিশেষ করে রণবীরের পর্দার বাইরের পারিবারিক মুহূর্ত এবং সিনেমার নেপথ্যের ছবি দর্শকদের বাড়তি আকর্ষণের কারণ হয়ে উঠেছে। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের এমন আবেগঘন মুহূর্ত ভাগ করে নিয়েও আলোচনায় থাকছেন আলিয়া।
সময়ের আলো/প্রিন্ট/জেডি