গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাইটাল বাড়ি এলাকায় পূর্ব শত্রুতার জেরে আজিজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের মা, ছোট ভাই ও বোনসহ পরিবারের আরও তিন সদস্য আহত হয়েছেন।
নিহতের ভাই তাইজুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক একটি বিষয় নিয়ে আজিজুল ইসলামের সঙ্গে তার ছোট ভাইয়ের কথা কাটাকাটি চলছিল। একপর্যায়ে পূর্ব বিরোধের জেরে পাশের বাড়ির শামীম, জামাল উদ্দিন ফকির, হৃদয়, শাহীন ও মুক্তারসহ কয়েকজন ব্যক্তি লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে আজিজুলের ওপর অতর্কিত হামলা চালায়।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা আজিজুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রাত প্রায় সাড়ে তিন টার দিকে তার মৃত্যু হয়।
স্বজনদের অভিযোগ, হামলার পর দুর্বৃত্তরা আজিজুল ইসলামের বসতবাড়িতেও ভাঙচুর চালায়। এ সময় বাধা দিতে গেলে তার মা, ছোট ভাই ও বোনকে মারধর করা হয়। তারাও আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় তাইজুল ইসলাম পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রধান আসামি শামীমকে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’
/মহু