কুয়েতের বিমানবন্দরে ইরানি হামলায় ভারতীয় নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

উপসাগরীয় অঞ্চলে তীব্র উত্তেজনার পারদ চড়িয়ে এবার কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই নজিরবিহীন হামলায়

2026-06-03T17:35:50+00:00
2026-06-04T04:50:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
কুয়েতের বিমানবন্দরে ইরানি হামলায় ভারতীয় নাগরিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৫:৩৫ পিএম  আপডেট: ০৪.০৬.২০২৬ ৪:৫০ এএম
সংগৃহীত ছবি
উপসাগরীয় অঞ্চলে তীব্র উত্তেজনার পারদ চড়িয়ে এবার কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই নজিরবিহীন হামলায় এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) কুয়েতে নিযুক্ত ভারতীয় দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে। খবর ইন্ডিয়া টুডের

প্রতিবেদনে বলা হয়, একই সময়ে বাহরাইনেও একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালীর কাছে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে।

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা গেছে, বিমানবন্দরে এই বর্বরোচিত হামলায় যাত্রী এবং বিমানকর্মীসহ অন্তত ৬৩ জন গুরুতর আহত হয়েছেন। কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানি ড্রোন ও মিসাইল হামলায় বিমানবন্দরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকটি কূটনৈতিক মিশন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পরপরই কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে কুয়েত সিভিল এভিয়েশন অথরিটি পরে জানায়, ক্ষয়ক্ষতি নিরূপণ ও নিরাপত্তা নিশ্চিত করার পর ‘টার্মিনাল-৪’ থেকে কুয়েত এয়ারওয়েজের ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে।

গত এপ্রিলের শুরুতে দীর্ঘ প্রচেষ্টার পর একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। কিন্তু মঙ্গল ও বুধবারের এই রক্তক্ষয়ী সংঘাতের পর সেই চুক্তি কার্যত ভেস্তে গেছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ দিয়ে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) এক-পঞ্চমাংশ সরবরাহ করা হতো। বর্তমান পরিস্থিতিতে এই নৌপথের নিরাপত্তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় ২ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

বাহরাইন সেনা সূত্রের দাবি, তারা ইরানের ছোঁড়া তিনটি মিসাইল এবং বেশ কয়েকটি ড্রোন আকাশে থাকা অবস্থাতেই ধ্বংস (ইন্টারসেপ্ট) করেছে। ইরান দাবি করেছে, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতর এবং আরেকটি আঞ্চলিক দেশের বিমানঘাঁটি ও হেলিকপ্টার লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছিল। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, কুয়েতের দিকে ধেয়ে আসা দুটি ইরানি মিসাইল লক্ষ্যভ্রষ্ট হয়ে মাঝপথেই ভেঙে পড়েছে এবং আরও কয়েকটি ব্যালেস্টিক মিসাইল নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি এই সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইরান মূলত মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এমন উপসাগরীয় দেশগুলোর বেসামরিক ও সামরিক স্থাপনাকে নিশানা করে আসছে। ওয়াশিংটন যখন হরমুজ প্রণালী পুনরায় সচল করার চেষ্টা করছে, তখনই এই হামলার ঘটনা ঘটল। অথচ মাত্র এক সপ্তাহ আগেই দু'পক্ষ যুদ্ধ বন্ধের একটি প্রাথমিক চুক্তির দিকে এগোচ্ছে বলে আভাস দিয়েছিল।

ইরানের সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি বা আলোচনায় মার্কিনদের কোনো ধরনের সীমা লঙ্ঘন বরদাস্ত করবে না তেহরান। যেকোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে ঝাঁকে ঝাঁকে মিসাইল ও ড্রোন দিয়ে।
এদিকে কুয়েত ও বাহরাইনে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ। তিনি একে পুরো অঞ্চলের ওপর আঘাত আখ্যা দিয়ে উপসাগরীয় দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা কুয়েতে অবস্থানরত মার্কিন সেনা ও বেসামরিক জাহাজের দিকে ধেয়ে আসা ইরানি ড্রোন ধ্বংস করেছে। একই সাথে হরমুজ প্রণালীর কাছে ইরানের ‘কেশম দ্বীপে’ মার্কিন বাহিনী বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানি সংবাদমাধ্যমের দাবি, মার্কিন বাহিনী একটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর জবাবে রেভল্যুশনারি গার্ডের নৌবাহিনী ‘পানায়া’ নামক একটি জাহাজে মিসাইল ছুড়েছে।

এই উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পডকাস্ট সাক্ষাৎকারে দাবি করেছেন, ইরানের সাথে আলোচনা চলছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এই আলোচনায় যুক্ত আছেন এবং ইরান পরমাণু অস্ত্র তৈরি না করার ব্যাপারে সম্মত হয়েছে। যদিও ইরান পরমাণু বোমা বানানোর দাবি বরাবরই অস্বীকার করে আসছে।

বিশ্লেষকরা বলছেন, লেবাননে যুদ্ধ অবসান, বিলিয়ন ডলারের তেল রাজস্বের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার শর্তেই মূলত চুক্তি করতে চায় তেহরান।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী যুদ্ধে ইরান ও লেবাননে ইতোমধ্যে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। লেবাননে মার্কিন মধ্যস্থতায় আংশিক যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও মঙ্গলবার দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবারও উত্তর ইসরায়েলে আকাশসীমা লঙ্ঘন করা একটি সন্দেহভাজন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। 


/কহু


  বিষয়:   ইরান  কুয়েত  হামলা  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: