রাজশাহীতে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলে অংশগ্রহণকারীদের মুখে মাস্ক দেখা গেছে। তবে এই মিছিল কার উদ্যোগে তা নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার (৩ জুন) সকালে নগরীর শিলিন্দা এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। এদিন দুপুরের পর মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
মিছিলের ব্যানারে লেখা ছিল ‘প্রত্যাবর্তন ২.০ লোডিং। দেশ বাঁচাতে প্রয়োজন, শেখ হাসিনার প্রত্যাবর্তন। রাজশাহী মহানগর ছাত্রলীগ।’
স্থানীয়রা জানিয়েছে, সকাল ৮টার দিকে ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী মিছিলটি বের করেন। মিছিলটি শিলিন্দা এলাকা প্রদক্ষিণ করে কিছু দূর এগিয়ে শেষ করা হয়। পরে অংশগ্রহণকারীরা দ্রুত এলাকা ত্যাগ করেন। মিছিলে অংশ নেওয়া অনেকের মুখে মাস্ক পরা ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, মিছিল হয়েছে এমন তথ্য পেয়েছি। ভিডিও সংগ্রহ করা হয়েছে। ভিডিও বিশ্লেষণ করে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। ভিডিও দেখে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
সময়ের আলো/জোই