আমেরিকান সেনা নিহত হলে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তি বাতিল করার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এক বিশেষ প্রতিবেদনে এই বিস্ফোরক তথ্য জানিয়েছে প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি তার ঘনিষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে এক একান্ত বৈঠকে এই হুঁশিয়ারি দিয়েছেন। মার্কিন কর্মকর্তাদের সূত্র দিয়ে জানানো হয়, গত কয়েক সপ্তাহ ধরে ইরান ও মার্কিন বাহিনীর মধ্যে দফায় দফায় ছোটখাটো সংঘর্ষ ও উত্তেজনা চললেও দুই দেশের মধ্যকার মূল যুদ্ধবিরতি চুক্তিটি এখনও টিকে রয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের বিশ্লেষণ অনুযায়ী, মধ্যপ্রাচ্যে একটি পূর্ণাঙ্গ ও বড় ধরনের যুদ্ধ এড়াতেই প্রেসিডেন্ট ট্রাম্প আপাতত বড় কোনো সামরিক অভিযানে জড়াতে চাচ্ছেন না। এমনকি উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনি আরও কয়েক সপ্তাহ বা মাসখানেক এই ধরনের ছোটখাটো সংঘাত সহ্য করতেও রাজি আছেন। তবে কোনো মার্কিন সেনার প্রাণহানি ঘটলে ট্রাম্প তার এই ধৈর্যশীল অবস্থান থেকে সরে আসবেন এবং যুদ্ধবিরতির অবসান ঘটাবেন।
অবশ্য ওয়াল স্ট্রিট জার্নালের এই প্রতিবেদনের সত্যতা স্বাধীন কোনো সূত্র থেকে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।