থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ৩ পুলিশ প্রত্যাহার

রংপুর ব্যুরো

সারাদেশ

রংপুর মহানগরীর কোতোয়ালি থানার ভেতরে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে বেধড়ক মারধর ও রক্তাক্ত করার গুরুতর অভিযোগ উঠেছে খোদ থানার ভারপ্রাপ্ত

2026-06-04T12:17:40+00:00
2026-06-04T12:17:40+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ৩ পুলিশ প্রত্যাহার
রংপুর ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১২:১৭ পিএম   (ভিজিট : ২৬)
মারধরের শিকার স্বেচ্ছাসেবক দলের নেতা রাকিবুল ইসলাম রাকিব। ছবি: সংগৃহীত
রংপুর মহানগরীর কোতোয়ালি থানার ভেতরে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে বেধড়ক মারধর ও রক্তাক্ত করার গুরুতর অভিযোগ উঠেছে খোদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে। বুধবার (৩ জুন) রাতের এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

মারধরের শিকার নেতার নাম রাকিবুল ইসলাম রাকিব। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রংপুর সদর উপজেলা কমিটির সদস্যসচিব।

উদ্ভূত পরিস্থিতিতে বুধবার (৩ জুন) রাতেই অভিযুক্ত ৩ পুলিশ সদস্যকে ক্লোজড (প্রত্যাহার) করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। একই সাথে ঘটনাটি তদন্তে রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তবে মারধরের মূল অভিযোগটি অস্বীকার করেছেন সংশ্লিষ্ট থানার ওসি।   

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নগরীর সিও বাজার এলাকা থেকে এক প্রেমিক যুগল নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। পরবর্তীতে বুধবার সন্ধ্যায় ওই তরুণ-তরুণীকে উদ্ধার করে কোতোয়ালি থানায় নিয়ে আসে পুলিশ। দুই পরিবারের অনুরোধে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার উদ্দেশ্যে স্বেচ্ছাসেবক দল নেতা রাকিবুল ইসলামসহ কয়েকজন নেতাকর্মী থানায় যান। 

অভিযোগ রয়েছে, থানায় গিয়ে রাকিব দেখতে পান এক পুলিশ সদস্য উদ্ধার হওয়া ওই যুগলকে মারধর করছেন। একজন নাগরিক হিসেবে তিনি এই অন্যায়ের প্রতিবাদ জানালে থানার ওসি ও কয়েকজন পুলিশ সদস্য উল্টো তার ওপর চড়াও হন। একপর্যায়ে তাকে বেধড়ক পেটানো হয়। 

ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী কোতোয়ালি থানার সামনে এসে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ থানার প্রধান কলাপসিবল গেট বন্ধ করে দেয়। এ সময় বন্ধ গেটের ভেতর থেকেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রক্তাক্ত রাকিবুল ইসলাম। 

রাকিবুল ইসলাম অভিযোগ করেন, ‘উদ্ধার হওয়া তরুণ-তরুণীকে পুলিশ মারধর করছে— বিষয়টি দলের এক সিনিয়র নেতাকে ফোন করে জানাতে আমি মোবাইল বের করি। তখন ওসি আজাদ রহমান ও একজন এসআইসহ কয়েকজন পুলিশ সদস্য আমার ওপর ঝাঁপিয়ে পড়েন। আমি বারবার পরিচয় দিয়েছি যে আমি স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এবং বিএনপির একজন কর্মী। কিন্তু তারা কোনো কথা না শুনে আমাকে রাইফেল দিয়ে পিটিয়েছে। আমার চোখ ও মাথায় মারাত্মক আঘাত করা হয়েছে এবং দুটি মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। মারধরের পর প্রমাণ লোপাট করতে তারা জোর করে আমার শরীরের রক্ত ধুয়ে দেয়।’ এ সময় সাংবাদিকদের সামনে রক্তমাখা তুলা ও শরীরের আঘাতের চিহ্ন দেখান তিনি।  

খবর পেয়ে মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু থানায় ছুটে যান এবং গুরুতর আহত রাকিবকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। ওই রাতেই উদ্ধার হওয়া যুগলকে ছেড়ে দেওয়া হয়। হরিদেবপুর ইউনিয়ন বিএনপির নেতা জাহাঙ্গীর আলম জানান, অন্যায়ের প্রতিবাদ করাই তাদের জন্য অপরাধ হয়ে দাঁড়িয়েছিল।

রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকারিয়া ইসলাম জিম এই ন্যাক্করজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘পোশাক পরিবর্তন হলেও পুলিশের ফ্যাসিবাদের আচরণ পরিবর্তন হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়া হলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।’


তবে মারধরের অভিযোগ অস্বীকার করে কোতোয়ালি থানার ওসি আজাদ রহমান দাবি করেন, ‘উদ্ধার হওয়া প্রেমিক যুগলের দুই পরিবারের মধ্যে থানায় হাতাহাতি হয়েছিল, পুলিশ কেবল পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, ‘আইন সবার জন্য সমান। বিষয়টি জানার পরপরই আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি।’ 

আরপিএমপির মিডিয়া সেল থেকে জানানো হয়, প্রাথমিক পদক্ষেপ হিসেবে কনস্টেবল লিমা সরেন, ডিউটি অফিসার মেহেরুন্নেসা এবং সাব-ইন্সপেক্টর (এসআই) মাসুদ রানাকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে। এছাড়া প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমাকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাদের দ্রুততম সময়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   স্বেচ্ছাসেবক দল নেতা  পিটিয়ে আহত  পুলিশ প্রত্যাহার  রংপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: