প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৭:০৯ পিএম
ছবি : সংগৃহীতগাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজ হওয়ার দুই দিন পর শাম্মী আক্তার (১২) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় (নামা চরপাড়া) গ্রামের বাড়ির পাশের একটি বিলের পানি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শাম্মী ওই গ্রামের শহিদুর রহমানের মেয়ে এবং পুনতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে অন্য শিশুদের সঙ্গে বাড়ির কাছের মাঠে ছাগল চরাতে যায় শাম্মী। দুপুর গড়িয়ে বিকেল হলেও অন্য শিশুরা বাড়িতে ফিরে এলেও সে ফেরেনি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। রাত ৮টা পর্যন্ত তার কোনো সন্ধান না পেয়ে ওই রাতেই গোবিন্দগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শাম্মীর বাবা।
এরপর মঙ্গলবার সকালে বাড়ির পাশের বিলে পানিতে ভাসমান কিছু দেখতে পেয়ে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। পরে পানি থেকে মরদেহটি তোলা হলে শাম্মীর বাবা-মা সেটি শনাক্ত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
নিখোঁজের দুই দিন পর বিল থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার দ্বিতীয় কর্মকর্তা মীর কায়েস। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।
সময়ের আলো/এসএকে