ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান অপসারণ, গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রাহকদের স্বার্থ সংরক্ষণের দাবিতে চট্টগ্রামের আনোয়ারায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১টায় উপজেলার চাতুরী চৌমুহনী এলাকায় ইসলামী ব্যাংকের চাতুরী চৌমুহনী শাখার সামনে এ মানববন্ধনের আয়োজন করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, আনোয়ারা উপজেলা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং গ্রাহকদের আমানতের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান। এ সময় তারা এস আলম গ্রুপ ও তাদের সহযোগীদের বয়কটের আহ্বান জানান। পাশাপাশি গ্রাহকদের ওপর পুলিশি হামলার অভিযোগের প্রতিবাদও জানানো হয়।
গ্রাহক ফোরামের নেতা নাছির উদ্দীন শাহ বলেন, ইসলামী ব্যাংকের সুনাম, স্থিতিশীলতা ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আমরা ব্যাংক কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।
মানববন্ধনে স্থানীয় গ্রাহক, সচেতন নাগরিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দেওয়া হয়।
সময়ের আলো/জেডি