নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগসহ সাত দফা দাবিতে ইসলামী ব্যাংক ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর আহ্বানে এক ঘণ্টার কলম বিরতি পালন করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলা এ কর্মসূচির কারণে ব্যাংকের লেনদেনসহ সব ধরনের কার্যক্রম এক ঘণ্টার জন্য বন্ধ ছিল।
কর্মসূচি চলাকালে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়সহ দেশের বিভিন্ন শাখা ও উপশাখায় ব্যাংকিং সেবা বন্ধ রাখা হয়। সরেজমিনে দেখা যায়, রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়, মতিঝিল লোকাল অফিস, বাসাবো শাখা, শাহজাহানপুর শাখা, পল্টন শাখা, রমনা শাখা, বংশাল শাখা, নবাবপুর শাখা, ইসলামপুর শাখা, সদরঘাট শাখা, কামরাঙ্গীরচর শাখা, যাত্রাবাড়ী শাখা, দনিয়া শাখা, ডেমরা স্টাফ কোয়ার্টার শাখা, দয়াগঞ্জ শাখা, চকবাজার শাখা, মৌলভীবাজার শাখা, পান্থপথ শাখা, ভিআইপি রোড শাখা, গেণ্ডারিয়া শাখা, ওয়াইজঘাট শাখা, নিউমার্কেট-এলিফ্যান্ট রোড শাখা, বাংলামোটর শাখা, বিজয়নগর উপশাখা, শ্যামপুর উপশাখা, গোড়ান উপশাখা, কোনাপাড়া উপশাখা, হাতিরপুল উপশাখা, ডেমরা উপশাখা, মোহাম্মদবাগ উপশাখা, পোস্তগোলা উপশাখা এবং লোহারপুল উপশাখাসহ বিভিন্ন শাখা ও উপশাখায় কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতির কারণে ব্যাংকিং কার্যক্রম বন্ধ ছিল। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের বাইরে সাধারণ গ্রাহকদের উপস্থিতি খুব একটা দেখা যায়নি।
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক অধ্যাপক নুর নবী মানিক বলেন, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ, ওমর ফারুক খানকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে পুনর্বহাল, লুটপাটের সঙ্গে জড়িত কাউকে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে না রাখা, ব্যাংক রেজুলেশন অ্যাক্টের ১৮(ক) ধারা বাতিল, এস আলম গ্রুপের দখলকৃত মালিকানা ও দেশে থাকা সম্পত্তি বিক্রি করে লুট হওয়া অর্থের সমন্বয়, এস আলম যাতে কোনো ব্যাংকে ফিরতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ এবং ইসলামী ব্যাংকসহ সব ব্যাংক লুটের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে দীর্ঘদিন ধরে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে।
তিনি অভিযোগ করেন, এসব দাবির বিষয়ে বাংলাদেশ ব্যাংক কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকে এক ঘণ্টার কলম বিরতির কর্মসূচি ঘোষণা করা হয়। ওই দাবির প্রতি সংহতি জানিয়ে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন।
অধ্যাপক নুর নবী মানিক আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার দাবি, এই নিয়োগ ইসলামী ব্যাংককে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। তিনি বলেন, ক্ষুদ্র আমানতকারীদের টাকায় ইসলামী ব্যাংক দেশের ব্যাংকিং খাতে শীর্ষ অবস্থানে পৌঁছেছে। তাই আমানতকারীদের স্বার্থ রক্ষায় খুরশীদ আলমকে চেয়ারম্যান পদ থেকে প্রত্যাহার করতে হবে।
দাবি বাস্তবায়নে ব্যবস্থা না নেওয়া হলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আরবিএন