যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বৃহস্পতিবার (৪ জুন) একটি নতুন যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পরও লেবাননে তীব্র হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বিমান বাহিনী। এরই মাঝে আজ শুক্রবার দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি গ্রাম ও শহরের বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য নতুন করে গণ-উচ্ছেদ বা স্থানান্তরের নির্দেশ জারি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র অভিচাই আদরাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই জরুরি নির্দেশনা জারি করেন। নির্দেশনায় দক্ষিণ লেবাননের সারাফান্দ, তুফাহতা, বাবলিয়েহ, কাকাইয়াত আল-সানোবার, মারওয়ানিয়েহ এবং সিকসিকিয়েহ অঞ্চলের বাসিন্দাদের তাদের ঘরবাড়ি অবিলম্বে ত্যাগ করে ‘জাহরানি নদী’র উত্তর দিকে চলে যাওয়ার জন্য বলা হয়েছে।
এর ঠিক কিছু সময় আগে দক্ষিণ লেবাননের আরও তিনটি কৌশলগত এলাকা— আরনায়া, আনকুয়ান এবং কাফর কিলার বেসামরিক নাগরিকদের ওপর একই ধরণের জোরপূর্বক স্থানান্তরের সতর্কতা জারি করেছিল ইসরায়েলি বাহিনী।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের মধ্যস্থতায় ওয়াশিংটন ও দোহার শান্তি আলোচনা যখন একটি চূড়ান্ত চুক্তির দিকে রূপ নিচ্ছে, ঠিক সেই মুহূর্তে ইসরায়েলের এই নতুন উচ্ছেদ অভিযান ও প্রাণঘাতী বোমাবর্ষণ মূলত কূটনৈতিক প্রক্রিয়াকে ভেস্তে দেওয়ার একটি সুনির্দিষ্ট প্রয়াস। যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননের একের পর এক জনপদে ইসরায়েলের এই অনড় সামরিক অভিযান প্রমাণ করে যে, নেতানিয়াহু প্রশাসন দক্ষিণ সীমান্তে হিজবুল্লাহর ওপর চাপ বজায় রেখে এই শান্তি চুক্তি নস্যাৎ করতে বদ্ধপরিকর।