ঈদুল আজহার নবম দিনেও সিরাজগঞ্জ থেকে ঢাকামুখী যাত্রীদের ব্যাপক চাপ লক্ষ্য করা গেছে। ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে জেলার বিভিন্ন এলাকা থেকে কর্মজীবী মানুষ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। ফলে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকায় সকাল থেকেই যাত্রীদের ভিড় দেখা যায়।
শুক্রবার (৫ জুন) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকায় দূরপাল্লার বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস এবং পণ্যবাহী ট্রাকেও যাত্রীদের রাজধানীমুখী যাত্রা করতে দেখা গেছে।
হাটিকুমরুল বাসস্ট্যান্ডে গাড়ির অপেক্ষায় থাকা গার্মেন্টস শ্রমিক আব্দুস সালাম বলেন, ঈদের ছুটি পরিবারের সঙ্গে কাটিয়ে এখন কর্মস্থলে ফিরছি। একইভাবে অনেক চাকরিজীবী ও শ্রমিক জানান, ঈদের ছুটি শেষ হওয়ায় তারা কর্মস্থলে যোগ দিতে রাজধানীসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ফিরে যাচ্ছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ঈদ-পরবর্তী সময়ে ঢাকামুখী যানবাহনের চাপ বেড়েছে। আগামী দু-একদিন ঢাকামুখী যাত্রীদের চাপ আরও বৃদ্ধি পেতে পারে। যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের অতিরিক্ত টহল ও নজরদারি অব্যাহত আছে বলেও জানান তিনি।
আরবিএন