সাতক্ষীরার তালা থেকে সীমানা পিলারসহ চার জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের ভোলানাথ সানার বাড়ি থেকে এই পিলার উদ্ধার করা হয়।
আটক ভোলানাথ সানা (৫০) কলাগাছি গ্রামের মৃত চতুর চন্দ্র সানার ছেলে। আটক অন্যরা হলেন পিলার বিশেষজ্ঞ খুলনার বটিয়াঘাটার তুষার এবং পাইকগাছার সুশান্ত ও অপরজনের নাম জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোলানাথ সানার বসতবাড়ির পাশে একটি মাটির ঘরে এই পিলার মাটির নিচে বসানো ছিলো। পিলার বিশেষজ্ঞরা এই পিলার সঠিক কি-না যাচাইয়ের জন্য আসবে বলে মাটি খুঁড়ে বের করে ঘরের ভিতর রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ সেখানে অভিযান চালিয়ে পিলারসহ তাদের আটক করে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিলারসহ তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করে এর সঙ্গে আরও জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।
সময়ের আলো/জোই