মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নবায়নের মাত্র কয়েক দিনের মাথায় দক্ষিণ লেবাননে এক ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার (৬ জুন) সংঘটিত এই বর্বর হামলায় লেবানন সেনাবাহিনীর এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাসহ (ব্রিগেডিয়ার জেনারেল) বেশ কয়েকজন সৈন্য নিহত হয়েছেন। লেবানন সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতির বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
লেবানন সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করা এক বিবৃতিতে জানায়, খারদালি-নাবাতিয়াহ সড়কে একটি সামরিক যান লক্ষ্য করে চালানো ইসরায়েলি বর্বর বিমান হামলায় এক কর্মকর্তাসহ আমাদের বেশ কয়েকজন সেনাসদস্য শহীদ হয়েছেন।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ন্যাশনাল নিউজ এজেন্সি’ জানিয়েছে, নিহত ওই সেনা কর্মকর্তা ছিলেন লেবানন সেনাবাহিনীর একজন ‘ব্রিগেডিয়ার জেনারেল’। এই নজিরবিহীন হামলার বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের পক্ষ থেকে ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
দক্ষিণ লেবাননের নাবাতিয়াহ এবং এর আশেপাশের এলাকাগুলোতে গত কয়েক দিন ধরেই লাগাতার বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল। অথচ এই সপ্তাহের শুরুতেই মার্কিন প্রশাসনের মধ্যস্থতায় দুই দেশের সরকারের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি পুনরুজ্জীবিত করা হয়েছিল। এর আগেও চলতি সপ্তাহের শুরুর দিকে একই এলাকায় দুটি পৃথক ইসরায়েলি হামলায় এক লেবানিজ সৈন্য নিহত এবং আরও দুজন গুরুতর আহত হয়েছিলেন।
ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ লেবাননের অভ্যন্তরে ইসরায়েলি সেনা এবং উত্তর ইসরায়েলের ইহুদি বসতিগুলোকে লক্ষ্য করে প্রতিরোধ গড়ে তুলেছে। তারা শুরু থেকেই এই যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে আসছে। হিজবুল্লাহর স্পষ্ট শর্ত, যতক্ষণ না পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের ভূখণ্ড সম্পূর্ণ ত্যাগ করছে, ততক্ষণ কোনো যুদ্ধবিরতি কার্যকর হবে না। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, গতকাল শুক্রবারও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২১ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন।
এদিকে আজ এই প্রাণঘাতী হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি গ্রাম ও শহরের বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য নতুন করে ‘উচ্ছেদ আদেশ’ জারি করেছে। ইসরায়েলের দাবি, সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করার কারণে তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী বেসামরিক নাগরিকদের সীমান্ত থেকে প্রায় ২৫ মাইল (৪০ কিলোমিটার) উত্তরে অবস্থিত ‘জহরানি নদী’র ওপারে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।
/কহু