প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:৫৬ পিএম
ছবি : সংগৃহীত ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নিয়ন্ত্রণাধীন এডেন বিমানবন্দর অবিলম্বে খালি করার নির্দেশ দিয়েছে হুতি বিদ্রোহীরা। বিমানবন্দরে সৌদি আরবের একটি সামরিক কার্গো বিমান অস্ত্র নিয়ে অবতরণ করেছে দাবি করে সেটিতে হামলার হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি।
বুধবার (২৮ অক্টোবর) হুতিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এ নির্দেশনা দেন।
পোস্টে তিনি বলেন, ‘এডেন বিমানবন্দরে অবস্থানরত সবাইকে অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী। কারণ, সেখানে সৌদি শত্রুদের একটি সামরিক কার্গো বিমান রয়েছে, যেটি ইয়েমেনের জনগণকে হত্যার জন্য অস্ত্র সরবরাহ করছে।’
ইয়েমেনের রাজধানী সানা হলেও দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এডেনকে অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করছে। অন্যদিকে, রাজধানী সানাসহ দেশটির উত্তরাঞ্চলের বড় একটি অংশ হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে।
এর আগে গত কয়েক সপ্তাহে এডেনের বিমানবন্দর ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে একাধিক হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রেসিডেন্সিয়াল প্যালেসের কাছেও হামলা হয়েছে। এসব হামলায় সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সময়ের আলো/এসএকে