প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৭:১৩ এএম আপডেট: ২৮.১০.২০২৬ ৭:১৪ এএম
পদুচেরি উপকূলে ‘অর্ণব’। ছবি : সংগৃহীত ভারতের অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরির ইয়ানাম উপকূলে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় 'অর্ণব'। বুধবার (২৮ অক্টোবর) ভোরের দিকে শুরু হওয়া এই ঝড়ের প্রভাবে উপকূলজুড়ে প্রবল দমকা হাওয়া ও ভারি বৃষ্টিপাত হচ্ছে। এ সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে।
ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টির কেন্দ্রস্থলের কাছাকাছি বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটারের মধ্যে রয়েছে, যা দমকা হাওয়া আকারে ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
আইএমডির তথ্য অনুযায়ী, গত তিন ঘণ্টায় ঘূর্ণিঝড়টি ঘণ্টায় প্রায় ৩ কিলোমিটার গতিতে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে চলেছে। পরবর্তীতে এটি আরও কিছুটা উত্তর বা উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। বুলেটিনে জানানো হয়েছে, স্থলভাগে পুরোপুরি আঘাত হানার এই প্রক্রিয়া আরও প্রায় তিন ঘণ্টা ধরে চলতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের বাপাতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূল এবং ইয়ানাম উপকূল দিয়ে ঝড়টি অতিক্রম করছে। এর বহিঃবলয় বা সর্পিল অংশ ইতিমধ্যেই স্থলভাগে প্রবেশ করায় উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি অব্যাহত রয়েছে।
ঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে ২ হাজার ১৯৯টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া শিশু, বয়স্ক, প্রতিবন্ধী ও গর্ভবতী নারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, এর মধ্যেই ২ হাজার ৩৬০ জন গর্ভবতী নারীকে নিরাপদে চিকিৎসাকেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
আবহাওয়া দফতর আরও জানায়, ঘূর্ণিঝড়টির অগ্রগতির গতি বেশি থাকায় এটি পূর্বাভাসের চেয়ে কিছুটা আগেই স্থলভাগে আঘাত হেনেছে। এর আগে বুধবার ভোর ২টা থেকে ৪টার মধ্যে ঝড়টি উপকূলে পৌঁছাতে পারে বলে ধারণা করা হয়েছিল।
সময়ের আলো/আতা