পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন দীর্ঘ ছুটি শেষে রোববার (৭ জুন) থেকে দেশের সকল সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে নিয়মিত পাঠদান শুরু হচ্ছে। দীর্ঘ ১৬ দিনের অবকাশ যাপন শেষে কাল থেকে আবারও মুখরিত হয়ে উঠবে শিক্ষাঙ্গনগুলো।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের জনসংযোগ শাখা থেকে জানা গেছে, এর আগে গত ২১ মে ক্লাস শেষে দেশের সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই ছুটি শুরু হয়েছিল। এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সরকারি ছুটি নির্ধারিত ছিল ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কাল রোববার থেকে এসব প্রতিষ্ঠান খুলছে।
অপরদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর নির্ধারিত ছুটি ছিল আজ ৬ জুন পর্যন্ত, ফলে সাপ্তাহিক ছুটি শেষে প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও ৭ জুন থেকেই নিয়মিত ক্লাস শুরু হবে।
শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা জানান, সব মিলিয়ে দেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও কারিগরি পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থীরা গ্রীষ্মকালীন ও ধর্মীয় উৎসবের আমেজে সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের একটি দীর্ঘ অবকাশ উপভোগ করেছেন। তবে সাধারণ স্কুল-কলেজ কাল থেকে খুলে গেলেও দেশের আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে সরকারি ছুটি বহাল থাকবে আগামী ১১ জুন পর্যন্ত।
এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে আগামী ১৪ জুন রোববার থেকে মাদ্রাসাগুলোতে শিক্ষা কার্যক্রম ও পাঠদান শুরু হবে। এর ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ২৩ দিনের একটি দীর্ঘ ছুটি উপভোগের সুযোগ পাচ্ছেন।
সময়ের আলো/টিএইচ