গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং শ্রীপুর ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আলহাজ মো. আনিছুর রহমান আর নেই।
রোববার (৭ জুন) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে শ্রীপুরসহ সমগ্র গাজীপুরে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন আনিছুর রহমান। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। রোববার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে পরিবারকে জানায়।
আনিছুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই মো. হাফিজুর রহমান। তিনি জানান, বড় ভাইয়ের মৃত্যুসংবাদ পরিবারের সদস্যদের জানানো হলে হৃদয়বিদারক এক ঘটনার জন্ম হয়। ভাইয়ের মৃত্যু সংবাদ সহ্য করতে না পেরে তার ছোট বোন রাশিদা বেগম হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। অল্প সময়ের ব্যবধানে একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের মাতম নেমে আসে।
মৃত্যুকালে আনিছুর রহমানের বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। রাজনৈতিক জীবনে তিনি টানা চারবার শ্রীপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন। পাশাপাশি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, শ্রীপুর ডিগ্রি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ভিপিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি স্থানীয় জনগণের কাছে একজন পরিচিত ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সমাদৃত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১০টার মধ্যে তার মরদেহ গ্রামের বাড়ি মাধখলায় আনা হবে। বেলা ১১টায় নিজ বাড়ি প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
আনিছুর রহমানের মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে ছোট বোনের মৃত্যুর ঘটনাও এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সময়ের আলো/জোই