নাটোরে শিশুদের বইপড়ার অভ্যাস গড়ে তুলতে এবং প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে এক ব্যতিক্রমী বইপাঠ ও গাছ চেনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন কৃষি পার্কে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
সরেজমিনে দেখা যায়, পার্কের বিভিন্ন বৃক্ষের নিচে বাঁধানো শানের ওপর বসেই খুদে শিক্ষার্থীরা প্রথমে নির্দিষ্ট বই থেকে গল্প পাঠ করে। বইপাঠ শেষে তারা জেলা প্রশাসন কার্যালয়ের ছাদবাগান পরিদর্শন করে এবং সেখানে থাকা বিভিন্ন দেশি-বিদেশি গাছের সঙ্গে পরিচিত হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের নিয়ে একটি সংক্ষিপ্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান (গ্রন্থাগারিক) উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন বলেন,‘আজকের শিশুদের যান্ত্রিকতা থেকে দূরে রেখে প্রকৃতির সান্নিধ্যে নিয়ে আসা এবং বই পড়ার প্রতি আগ্রহী করে তোলাই মূলত আমাদের এই আয়োজনের প্রধান লক্ষ্য।’
সময়ের আলো/জেডি