চট্টগ্রামে অপহরণের দুই ঘণ্টার মধ্যে কাতারপ্রবাসী ও এক প্রকৌশলীকে উদ্ধার করেছে র্যাব-৭। অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে তাৎক্ষণিক চারজনকে আটক করা হয়।
রোববার (৭ জুন) বিকেলে নগরীর বন্দর থানাধীন রেলওয়ে একাডেমি ডেবারপাড় জঙ্গল এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, অপহরণের শিকার ব্যক্তি কাতারপ্রবাসী ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী প্রকৌশলী মো. মনিরুল হক। রোববার তাকে অপহরণ করে একদল দুষ্কৃতকারী। খবর পাওয়ার পর র্যাবের একটি দল অভিযানে নামে। পরে চট্টগ্রাম মহানগরের বন্দর থানার রেলওয়ে একাডেমি ডেবারপাড় জঙ্গল এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, অপহরণের ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যেই তাকে উদ্ধার করা হয়। র্যাব টিম শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে ভুক্তভোগীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রোববার সন্ধ্যায় বন্দর থানার সিএসডি গোডাউনের দক্ষিণ গেটের সামনে স্পট ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সেখানে ঘটনার বিস্তারিত তুলে ধরেন র্যাব-৭-এর সিপিসি-৩ (বদ্দারহাট, চান্দগাঁও) এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. তাওহিদুল ইসলাম।
সময়ের আলো/জোই