বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা ব্যবস্থা চালু করেছে ফিলিপাইন সরকার।
সোমবার (৮ জুন) থেকে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা প্রক্রিয়ায় ই-ভিসা ইস্যু করা শুরু হয়েছে বলে জানিয়েছে ঢাকার ফিলিপাইন দূতাবাস।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পর্যটন ভিসার ক্ষেত্রে পূর্বের স্টিকার ভিসা ইস্যু ব্যবস্থা আর কার্যকর থাকবে না। এখন থেকে আবেদনকারীদের সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে ই-ভিসার জন্য আবেদন করতে হবে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, ই-ভিসার আবেদন ফিলিপাইনের নির্ধারিত ওয়েবসাইট evisa.gov.ph এর মাধ্যমে করা যাবে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভিসা ফি দূতাবাসে গিয়ে পরিশোধ করতে হবে।
ই-ভিসার ফি কাঠামো অনুযায়ী-একক প্রবেশ (Single Entry): ৮,৫৮০ টাকা
৬ মাসের মাল্টিপল এন্ট্রি: ১৩,৮৬০ টাকা
১ বছরের মাল্টিপল এন্ট্রি: ১৯,১৪০ টাকা
আরও পড়ুন
অনুমোদিত ই-ভিসা আবেদনকারী তার ব্যক্তিগত কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল ডিভাইসে ডাউনলোড করতে পারবেন। প্রয়োজনে এটি ডিজিটাল কপি বা প্রিন্ট আকারেও ইমিগ্রেশনে দেখানো যাবে।
ফিলিপাইন কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রার কমপক্ষে ৭২ ঘণ্টা আগে অনলাইন ই-ট্রাভেল রেজিস্ট্রেশন ফর্ম (https://etravel.gov.ph/) পূরণ করা বাধ্যতামূলক, যাতে প্রবেশ প্রক্রিয়ায় কোনো জটিলতা না হয়।
দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, ই-ভিসা অন্য কোনো ধরনের ভিসায় রূপান্তরযোগ্য নয় এবং এর মেয়াদ বাড়ানোর সুযোগও নেই। অর্থাৎ অনুমোদিত সময়ের মধ্যে ফিলিপাইন ত্যাগ করতে হবে।
শিক্ষা, কর্মসংস্থান বা দীর্ঘমেয়াদি অবস্থানের উদ্দেশ্যে যেসব বাংলাদেশি ফিলিপাইন যেতে চান, তাদের ক্ষেত্রে আগের মতোই স্টিকার ভিসার জন্য নিয়মিত দূতাবাসে আবেদন করতে হবে।
ফিলিপাইন সরকারের এই উদ্যোগকে ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুত করার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এতে পর্যটন খাতে বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য প্রক্রিয়াগত জটিলতা কিছুটা কমবে বলে ধারণা করা হচ্ছে।
এএডি/