মাংসপেশির চোটের কারণে ব্রাজিলের বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন ওয়েসলি। ২২ বছর বয়সী ডিফেন্ডারের পরিবর্তে মিডফিল্ডার এডারসন সিলভার নাম চূড়ান্ত করেছেন কোচ কার্লো আনচেলত্তি।
বন্ধুর বিয়ের অনুষ্ঠানে থাকতেই অপ্রত্যাশিতভাবে ব্রাজিলের বিশ্বকাপ দলে সুযোগ পেলেন ২৬ বছর বয়সী মিডফিল্ডার এডারসন।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, শুরুতে আনচেলত্তির ২৬ সদস্যের চূড়ান্ত দলে সুযোগ না পেয়ে জন্মস্থান ব্রাজিলের মাতো গ্রোসো দো সুল অঙ্গরাজ্যের কাম্পো গ্রান্দেতে ছুটি কাটাতে গিয়েছিলেন এডারসন।
স্থানীয় সময় শনিবার রাতে তিনি এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানেও অংশ নেন। ওই অনুষ্ঠানে যাওয়ার সময় নিজের পাসপোর্টও সঙ্গে নিয়ে যাননি এডারসন। হয়তো বিশ্বকাপ দলে খেলার সুযোগ পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন।
রোববার সকালে হঠাৎ ব্রাজিল ফুটবল কনফেডারেশন থেকে তার কাছে ফোন আসে। এডারসনকে জানানো হয়, তিনি বিশ্বকাপ দলে যুক্ত হয়েছেন। খবরটি এডারসনের জন্য এদিকে যেমন আনন্দের ছিল, তেমনি কিছুটা বিপাকেও পড়েন তিনি। কারণ তার পাসপোর্ট যে রিও ডি জেনেইরোতে।
পরে এক বন্ধুকে অনুরোধ করেন, তার পাসপোর্টটি সাও পাওলোতে পৌঁছে দিতে। সেখান থেকেই নিউ জার্সির বিমানে উঠে ব্রাজিল দলের সঙ্গে যোগ দেওয়ার কথা এডারসনের। স্থানীয় সময় সোমবার সকালে ব্রাজিলের দলের সঙ্গে যোগ দিয়ে বিকেলে অনুশীলনে অংশ নেবেন তিনি।
আগামী রোববার ভোরে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ব্রাজিলের।
সময়ের আলো/আআ