রাজধানীর রমনার মৌচাকে সালিশি বৈঠকে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা খুন হয়েছেন। তার নাম বিল্লাল হোসেন তালুকদার (৫৭)। তিনি স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহবায়ক ছিলেন।
সোমবার (৮জুন) রাত ৮টার দিকে মৌচাক আনারকলি মার্কেটের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা ভাগিনা মো. মোবারক হোসেন আকাশ জানান, সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে কয়েকজন মিলে প্রথমে মোবারককে মারধর করে। এই ঘটনার পর মোবারক তার মামা স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন তালুকদারকে ডেকে আনেন। রাত ৮টার দিকে আনারকলি মার্কেটের সামনে ওই মারামারির ঘটনার সালিশি বৈঠক হচ্ছিল। তখন যুবদলের রমনা থানার আহবায়ক দিদারুল ইসলাম বাবু, তার সঙ্গে থাকা রমনা থানার সেক্রেটারি লুৎফরের সঙ্গে তর্কাতর্কি হয় বিল্লালের। এক পর্যায়ে বাবুর নেতৃত্বে তার অনুসারীরা বিল্লালের বুকে ছুরিকাঘাত করে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন বিল্লাল। উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে জানান।
স্বজনরা জানান, তার বাসা মালিবাগ বাগানবাড়ি এলাকায়। মালিবাগে বালু সিমেন্টের ব্যবসা রয়েছে তার। বাবার নাম মৃত ইউনুছ তালুকদার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ওই ব্যক্তির বুকে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনাটি রমনা থানায় অবগত করা হয়েছে।
সময়ের আলো/টিএইচ