সুপ্রিম কোর্টের জন্য পৃথক ও স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে হাইকোর্টের দেওয়া রায় আপিল বিভাগ স্থগিত করেছেন। একই সঙ্গে বিষয়টি নিয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানির জন্য আগামী ১৬ জুন দিন নির্ধারণ করা হয়েছে। ফলে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের নির্দেশনা কার্যকর থাকবে না।
মঙ্গলবার (৯ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং অন্যদিকে রিটকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
আরও পড়ুন
এর আগে সকালে আপিল শুনানির প্রাথমিক পর্যায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শুরু হয়। পরবর্তীতে আদালত শুনানি স্থগিত ও পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
উল্লেখ্য, গত ২১ মে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। এর আগে ৭ এপ্রিল হাইকোর্টের পূর্ণাঙ্গ ১৮৫ পৃষ্ঠার রায় প্রকাশিত হয়। তারও আগে ২ সেপ্টেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
হাইকোর্টের ওই রায়ে বলা হয়, সংবিধানের ১১৬ অনুচ্ছেদের অধীনে অধস্তন আদালতের বিচারিক কর্মকর্তাদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সংক্রান্ত কিছু বিধান অসাংবিধানিক। রায়ে বিচার বিভাগীয় স্বাধীনতা নিশ্চিত করতে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনাও দেওয়া হয়।
রায়ের ফলে অধস্তন আদালতের বিচারকদের পদায়ন, পদোন্নতি, ছুটি এবং প্রশাসনিক নিয়ন্ত্রণে সুপ্রিম কোর্টের কর্তৃত্ব নিশ্চিত করার বিষয়টি সামনে আসে। একই সঙ্গে ২০১৭ সালের জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালাও বাতিল ঘোষণা করা হয়।
এদিকে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের ব্যাখ্যা ও প্রয়োগ ঘিরে দীর্ঘদিন ধরেই রাষ্ট্রপক্ষ ও বিচার বিভাগের মধ্যে সাংবিধানিক বিতর্ক চলে আসছে। ১৯৭২ সালের মূল সংবিধানে বিচার বিভাগীয় নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে থাকলেও পরবর্তী সংশোধনীগুলোতে তা রাষ্ট্রপতির অধীনে ন্যস্ত করা হয়।
এএডি/