২০০৫ সালে ‘ক্লোজআপ ওয়ান-তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ মঞ্চে নিজের স্বতন্ত্র গায়কি ও বৈচিত্র্য পরিবেশনা দিয়ে দর্শক-শ্রোতাদের নজর কেড়েছিলেন আশিকুর রহমান মেহরাব। এরপর গানে নিয়মিত থাকলেও মাঝে বিরতি নেন।
অনেক দিন বিরতিতে থাকার পর নতুন উদ্যমে সংগীতে সক্রিয় হয়েছেন এই শিল্পী। তারই ধারাবাহিকতায় ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে ১১ জুন প্রকাশ হতে যাচ্ছে তার নতুন একক গান ‘ভালোবাসতে কি ভয় হয়’।
গানটির কথা লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি রুবিউল ইসলাম জীবন। গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুরও করেছেন মেহরাব নিজে। আর সংগীতায়োজন করেছেন সময়ের জনপ্রিয় সংগীত পরিচালক আদিব কবির। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা চন্দন রায় চৌধুরী।
এতে মডেল হিসেবে অভিনয় করেছেন জয়া মির্জা ও তন্ময় সাবি। পাশাপাশি ভিডিওতে উপস্থিত আছেন মেহরাবও।
নতুন গানটি প্রসঙ্গে মেহরাব বলেন, ভালোবাসা মানুষের জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটি।
কিন্তু কখনো কখনো সেই ভালোবাসাই প্রশ্নের জন্ম দেয়। গানটিতে সেই অনুভূতিরই প্রতিফলন ঘটেছে। দীর্ঘদিন পর এমন একটি কাজ নিয়ে শ্রোতাদের সামনে আসছি, তাই স্বাভাবিকভাবেই কিছুটা উচ্ছ্বাস কাজ করছে। আশা করি, গানটি সবার ভালো লাগবে।
‘ভালোবাসতে কি ভয় হয়’ গানের পর আরও নতুন কিছু পরিকল্পনা রয়েছে মেহরাবের। মৌলিক গান নিয়ে সামনে আসবেন, এ লক্ষ্যে কাজও শুরু করেছেন বলে জানান তিনি।
/এসএকে