বিশ্বকাপ ফুটবল এলেই বাংলাদেশে যে উন্মাদনা তৈরি হয়, তার সিংহভাগজুড়ে থাকে ব্রাজিল ও আর্জেন্টিনা।
গত কাতার বিশ্বকাপে লিওনেল মেসিদের প্রতি বাংলাদেশি সমর্থকদের অকুণ্ঠ ভালোবাসা বিশ্বজুড়েই তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল, যার পরিপ্রেক্ষিতে বিশ্বজয়ের পর খোদ আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনও এই লাল-সবুজের দর্শকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছিল।
এবার ২০২৬ বিশ্বকাপের দামামা বাজার ঠিক আগমুহূর্তে, বাংলাদেশের সেই চেনা ফুটবল-আবেগকে নিজেদের পালে টানতে এক অভিনব ও কৌশলী উদ্যোগ নিয়েছে আর্লিং হাল্যান্ডদের দেশ নরওয়ে।
ঢাকায় অবস্থিত রয়্যাল নরওয়েজিয়ান অ্যাম্বাসি সামাজিক যোগাযোগমাধ্যমে এক আকর্ষণীয় পোস্টের মাধ্যমে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের নরওয়ের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় নরওয়েকে ‘দ্বিতীয় দল’ হিসেবে বেছে নেওয়ার পক্ষে বেশ কিছু চমৎকার যুক্তিও উপস্থাপন করেছে।
দূতাবাসের সেই পোস্টের শিরোনাম দেওয়া হয় ‘২০২৬ বিশ্বকাপে নরওয়েকে বাংলাদেশের সমর্থন দেওয়া উচিত।’ কেন বাংলাদেশিরা হুট করে নরওয়েকে সমর্থন করবেন, তার ব্যাখ্যায় দুই দেশের দীর্ঘদিনের কূটনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা মনে করিয়ে দিয়েছে তারা।
বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া শুরুর দিকের দেশগুলোর মধ্যে নরওয়ে অন্যতম এবং শান্তি রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও আন্তর্জাতিক উন্নয়নমূলক কাজে দুই দেশ দীর্ঘদিন ধরে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে।
ফুটবলপ্রেমীদের মন জিততে তারা দুই দেশের জীবনযাত্রার কিছু দারুণ মিলও খুঁজে বের করেছে; যেমন- বাংলাদেশ ও নরওয়ে দুই দেশই নদী ও সমুদ্রঘেরা উপকূলীয় অঞ্চলসমৃদ্ধ এবং দুই দেশের মানুষেরই মাছের প্রতি রয়েছে এক চিরন্তন ভালোবাসা।
এ ছাড়া আন্তর্জাতিক অঙ্গন হোক কিংবা ফুটবল মাঠ, দুই দেশই সবসময় ‘ফেয়ার প্লে’ বা ন্যায্যতায় বিশ্বাস করে। ভৌগোলিকভাবে বাংলাদেশ তুলনামূলক ছোট আর নরওয়ে জনসংখ্যার দিক থেকে ছোট হলেও বৈশ্বিক মঞ্চে দুই দেশই সবসময় বড় স্বপ্ন দেখতে ভালোবাসে। দীর্ঘ ২৮ বছরের দীর্ঘ আক্ষেপ আর অপেক্ষার অবসান ঘটিয়ে এবার ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ফিরেছে নরওয়েজিয়ানরা।
তাই যারা এখনও কোনো দল বেছে নিতে পারেননি, তাদের জন্য নরওয়ে হতে পারে এক আদর্শ ‘আন্ডারডগ’ দল।
আর বাংলাদেশি সমর্থকদের প্রধান আকর্ষণ হিসেবে তারা সামনে এনেছে বিশ্ব ফুটবলের বর্তমান অন্যতম সেরা তারকা ও ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হাল্যান্ডকে, যিনি এবার নরওয়ের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন।
পোস্টের শেষে তারা আহ্বান জানিয়ে লিখেছে, এবার আন্ডারডগদের পাশে দাঁড়িয়ে একসঙ্গে বড় স্বপ্ন দেখার সময় এসেছে।
উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপে নরওয়ে খেলবে ফ্রান্সের গ্রুপে, যেখানে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইরাক ও সেনেগাল এবং আগামী ১৬ জুন ইরাকের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে হাল্যান্ডদের এই ঐতিহাসিক বিশ্বকাপ অভিযান।
/এসএকে