প্রায় চার বছর ধরে আলোচনায় থাকা ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে ঘিরে দায়ের হওয়া মামলার রায় আজ ঘোষণা করা হবে। বহুল আলোচিত এ মামলায় আদালতের সিদ্ধান্তের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলোর।
বুধবার (১০ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত মামলাটির রায় ঘোষণা করবেন। এর আগে গত ৬ মে মামলার উভয়পক্ষ তাদের চূড়ান্ত যুক্তি উপস্থাপন করলে আদালত রায়ের জন্য দিন নির্ধারণ করেন।
মামলার শুনানিতে বাদীপক্ষের আইনজীবী আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ শাস্তির আবেদন জানান। অন্যদিকে আসামিপক্ষ অভিযোগগুলোকে ভিত্তিহীন উল্লেখ করে নাসির ও তামিমার অব্যাহতি চেয়েছেন।
আরও পড়ুন
মামলার সূত্র অনুযায়ী, ২০২১ সালের ফেব্রুয়ারিতে নাসির হোসাইন ও তামিমা সুলতানার বিয়ের খবর প্রকাশ্যে আসে। পরে তামিমার সাবেক স্বামী পরিচয়দানকারী রাকিব হাসান অভিযোগ করেন, বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তামিমা নতুন করে বিয়ে করেছেন। এ অভিযোগকে কেন্দ্র করে একই বছরের ২৪ ফেব্রুয়ারি আদালতে মামলা দায়ের করা হয়।
তদন্ত শেষে ওই বছরের ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে প্রতিবেদন জমা দেয়। পরবর্তীতে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজকের রায় মামলাটির গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে নাসির হোসাইন ও তামিমা সুলতানা আইনের বিধান অনুযায়ী কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন। আর অভিযোগ প্রমাণিত না হলে তারা মামলা থেকে খালাস পাবেন।
এএডি/