নওগাঁর ধামইরহাটে তরুণীদের অশ্লীল ও নগ্ন ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আলিফ হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) রাত ১০ টার দিকে সময়ের আলোকে এ তথ্য নিশ্চিত করেন ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান।
গ্রেফতারকৃত আলিফ হোসেন টাঙ্গাইলের ঘাটাইল এলাকার চরবিরসিংহ গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় ওই যুবকের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। এতে তার নিজের স্ত্রী ও ভিকটিমসহ ছদ্মনামে রুপা-নিপা এবং হালিমা নামে ৩ জন তরুণীর নগ্ন ছবি ও ভিডিও পাওয়া যায়।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, ভুক্তভোগীর বাবা শাফিরুল ইসলাম বাদী হয়ে ধামইরহাট থানায় অভিযোগ করলে বিষয়টি জেলা পুলিশ সুপার মহোদয়ের নজরে আসে এবং তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থার নির্দেশনা দেওয়া হয়।
ওসি বলেন, ‘এরই ভিত্তিতে তথ্যপ্রযুক্তির বিশ্লেষণ এবং সাইবার এনালাইসিস করে সোমবার টাঙ্গাইলের গোপালপুর থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়।’
আলিফ হোসেন অভিযোগ স্বীকার করে জানিয়েছেন, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে তিনি তরুণীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। তারপর কৌশলে নগ্ন ছবি ও ভিডিও ধারণের মাধ্যমে ভুক্তভোগীদের ব্ল্যাকমেইল করে বিভিন্ন সুযোগ-সুবিধা আদায় করেন।
স্বীকারোক্তির পর ওই যুবককে ধামইরহাট থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়েরের মধ্য দিয়ে জেলা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
/মহু