যুক্তরাষ্ট্রের নতুন দফা বিমান হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, মার্কিন যেকোনো আগ্রাসন বা হুমকির দাঁতভাঙা জবাব দেবে ইরানি সশস্ত্র বাহিনী। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন সেনাদের দ্রুত এই অঞ্চল ত্যাগ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বুধবার (১০ জুন) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম সিএনএন জানায়, মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনার জের ধরে পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’র চারপাশে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, তারা ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্টেশনগুলোকে লক্ষ্য করে এই প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।
যুক্তরাষ্ট্রের এই আকস্মিক হামলার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি বার্তা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
মঙ্গলবার দেওয়া এক পোস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধক্ষেত্রে বারবার পরাজয় সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সংকল্পের পরীক্ষা নেওয়ার দুঃসাহস দেখিয়েছে। তবে তারা যেন ভুলে না যায়, আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী তাদের কোনো হামলা বা হুমকিই অনুত্তরিত বা বিনা জবাবে ছেড়ে দেবে না।
মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতির কড়া সমালোচনা করে ওয়াশিংটনকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে আরাগচি বলেন, যদি নিজেদের নিরাপদ রাখতে চান, তবে অবিলম্বে আমাদের এই অঞ্চল ছেড়ে চলে যান।
/কহু